১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্মৃতি মান্ধানার বিয়ে বাতিল

তার ব্যক্তিগত বিষয়টি নিয়ে আর আলোচনা না করতেও সবার প্রতি অনুরোধ করেছেন ভারতের তারকা ব্যাটার।

স্মৃতি মান্ধানার বিয়ে বাতিল
স্মৃতি মান্ধানা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

সুরকার পলাশ মুচালের সঙ্গে স্মৃতি মান্ধানার বিয়েটা হবে কি-না, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। ভারতীয় নারী দলের তারকা ব্যাটার জানালেন, বিয়ে বাতিল করে দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের প্রেমিক পলাশের সঙ্গে মান্ধানার বিয়ের দিন ঠিক হয়েছিল গত ২৩ নভেম্বর। কিন্তু এর আগেই মান্ধানার বাবা হাসপাতালে ভর্তি হওয়ায় প্রাথমিকভাবে বিয়ে স্থগিত করা হয়েছিল।

ঘটনাটি আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ না জানানোয় তা নিয়ে নানারকম গুঞ্জন ছড়াতে থাকে। অনেক গুজবও ডালপালা মেলে। অন্য নারীর সঙ্গে পলাশের সম্পর্ক থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

সবকিছু স্বাভাবিক করতে রোববার ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের ওপেনার।

“গত কয়েক সপ্তাহে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তাই আমার মনে হয়, এখন সবাইকে (বিষয়টি নিয়ে) আমার জানানো উচিত।”

“আমি খুব অন্তর্মুখী মানুষ এবং এভাবেই আমি নিজের সবকিছু রাখতে চাই। তবে আমার পরিষ্কার করা প্রয়োজন যে, (আমাদের) বিয়ে বাতিল করা হয়েছে।”

এই বিষয় নিয়ে আর আলোচনা না করতেও সবার প্রতি অনুরোধ করেছেন মান্ধানা।

“বিষয়টি আমি এখানেই বন্ধ করতে চাই এবং দয়া করে আপনারাও তাই করবেন। এই সময়ে দুই পরিবারের ব্যক্তিগত ব্যাপারে সম্মান জানানোর এবং বিষয়গুলো আমাদের মতো করে গুছিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যও অনুরোধ করছি।”

গত মাসে শেষ হওয়া উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মান্ধানার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৪৫ রানসহ আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন তিনি; ৫৪.২৫ গড়ে মোট ৪৩৪।