২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকেই প্রশ্নবিদ্ধ প্রোটিয়া স্পিনারের বোলিং অ্যাকশন

প্রেনেলান সুব্রায়েনের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।

অভিষেকেই প্রশ্নবিদ্ধ প্রোটিয়া স্পিনারের বোলিং অ্যাকশন
সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন প্রেনেলান সুব্রায়েন (ডানে)। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 08:32 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ওয়ানডে অভিষেকের আনন্দের রেশ এখনও কাটেনি প্রেনেলান সুব্রায়েনের। এর মাঝেই দুঃসংবাদ শুনেছেন দক্ষিণ আফ্রিকান অফ স্পিনার। প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন।

কেয়ার্নসে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই সংস্করণে অভিষেক হয় সুব্রায়েনের। ম্যাচটিতে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নাগাইস্কি। 

অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারানোর ম্যাচে ১০ ওভার বোলিং করেন সুব্রায়েন। ৪৬ রান খরচায় একটি উইকেট নেন তিনি। তাকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারার চেষ্টায় স্টাম্পড হন স্বাগতিক ওপেনার ট্রাভিস হেড।

গত মাসে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করেন ৩১ বছর বয়সী সুব্রায়েন। বুলাওয়ায়োতে ওই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন তিনি।

বোলিং অ্যাকশন ‘রিপোর্টেড’ হওয়া মানেই সরাসরি বোলিং থেকে নিষিদ্ধ হওয়া নয়। আম্পায়াররা বোলিং নিয়ে প্রশ্ন তোলায় পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সুব্রায়েনকে। আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে।

পরীক্ষার ফল না আসা পর্যন্ত বোলিং করে যেতে পারবেন সুব্রায়েন। পরীক্ষায় উতরে গেলে তো সমস্যাই নাই। তবে উতরাতে না পারলে বোলিংয়ে নিষিদ্ধ হবেন তিনি। তখন অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিয়ে উতরাতে পারলেই কেবল বোলিং করতে পারবেন আবার।

ওয়ানডে সিরিজ শুরুর আগে চোটের থাবায় দলের পেস বোলিংয়ের নেতা কাগিসো রাবাদাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে তিন ওয়ানডের সিরিজটি শুরু করেছে তারা।

দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার।