Published : 21 Jun 2025, 12:34 AM
টানা দুটি চারে ৯৯ রানে পৌঁছানোর পর এক রান নিয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ। হেলমেট খুলে শূন্যে লাফ। এক হাতে হেলমেট, আরেক হাতে ব্যাট উঁচিয়ে দৌড়। চেনা দৃশ্য। টেস্ট ক্যারিয়ারে দুর্দান্ত শুরু করা ইয়াশাসভি জয়সওয়ালের আরেকটি সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে সাদা পোশাকে প্রথম খেলতে নেমেই এই কীর্তি। এতে তার নাম উঠে গেল ভারতের টেস্ট ইতিহাসের এমন এক পাতায়, যেখানে তিনি ছাড়া নেই আর কেউ।
হেডিংলি টেস্ট দিয়ে শুক্রবার শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম দিন চা-বিরতির আগে জয়সওয়াল পেয়েছেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। নতুন নামকরণ হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম সেঞ্চুরিয়ান ২৩ বছর বয়সী এই ওপেনার।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে নিজের খেলা প্রথম টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার তিনিই।
প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে গত নভেম্বরে পার্থ টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন জয়সওয়াল। ভারতীয়দের মধ্যে তিনি ছাড়া অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি আছে আর কেবল এমএল জয়সিমা ও সুনিল গাভাস্কারের। তিন জনেরই সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে!
ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন ভিজায় মাঞ্জরেকার, আব্বাস আলি বেগ, সান্দিপ পাতিল, সৌরভ গাঙ্গুলি, মুরালি ভিজায় ও এবার জয়সওয়াল। দুটি তালিকাতেই আছেন একমাত্র তিনি।
সেঞ্চুরির স্বাদ পান তিনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্টেও (১৭১), এমনকি সেটি ছিল তার অভিষেক টেস্ট। এই তিন দেশেই নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটারও তাই তিনিই।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির স্বাদ পাওয়া সব দেশ মিলিয়ে পঞ্চম ক্রিকেটার জয়সওয়াল।
তার অর্জনের শেষ নয় এখানেই। হেডিংলিতে টেস্টে সেঞ্চুরি করা উপমহাদেশের প্রথম ওপেনার তিনি। সফরকারী ওপেনারদের মধ্যে তার আগে এই মাঠে তিন অঙ্ক ছুঁতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে।
২০ টেস্টের ক্যারিয়ারে জয়সওয়ালের সেঞ্চুরি হলো ৫টি, এর ৩টিই ইংল্যান্ডের বিপক্ষে। গত বছর ঘরের মাঠে সিরিজে ৯ ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরিতে ৮৯ গড়ে তিনি করেছিলেন ৭১২ রান।
এবার ইংল্যান্ড সফরেও শুরুটা করলেন দারুণ।
জয়সওয়াল-গিলের দুর্দান্ত সেঞ্চুরির পর পান্তের ফিফটিতে ভারতের দাপুটে দিন
অভিষেকে শূন্য, ভারতের টেস্ট ইতিহাসে সুদার্শান যেখানে প্রথম
এ দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে ভালো শুরু এনে দেন জয়সওয়াল। দিনের শুরুতে উইকেট থেকে পেসাররা সুইং ও সিম মুভমেন্ট পেলেও ধৈর্য ধরে দেখেশুনে খেলেন দুজন। ৯১ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন রাহুল (৭৮ বলে ৪২)। তিনে নেমে অভিষিক্ত সাই সুদার্শান শূন্য রানে ফেরার পর অধিনায়ক শুবমান গিলের সঙ্গে শতরানের জুটিতে দলকে এগিয়ে নেন জয়সওয়াল।
পঞ্চাশ ছুঁতে তার লাগে ৯৬ বল। সেখান থেকে পরের ৪৮ বলেই পা রাখেন সেঞ্চুরিতে। পেসার ব্রাইডন কার্সকে চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছার পর কনুইয়ে কিছুটা আঘাত পান তিনি। নিতে হয় ফিজিওর সেবা-শুশ্রূষা। ওই ওভারেই দুই বল পর টানা দুটি বাউন্ডারি ও সিঙ্গল নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি।
চা-বিরতির পর আর এক রান যোগ করেই অবশ্য তার ১০১ রানের ইনিংস শেষ হয় বেন স্টোকসের বলে বোল্ড হয়ে। ১৫৯ বলে ১৬ চার ও এক ছক্কায় গড়া তার ইনিংসটি।
তিন অঙ্ক ছুঁয়ে এবারই প্রথম দেড়শর নিচে থামলেন তিনি। তার আগের চার সেঞ্চুরির ইনিংস ছিল ১৬১, ১৭১, ২০৯ ও অপরাজিত ২১৪।