১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অভিষেকে শূন্য, ভারতের টেস্ট ইতিহাসে সুদার্শান যেখানে প্রথম

ক্রিকেটের অভিজাত সংস্করণে শুরুটা মোটেও ভালো হলো না আইপিএল মাতানো ব্যাটসম্যানের।

অভিষেকে শূন্য, ভারতের টেস্ট ইতিহাসে সুদার্শান যেখানে প্রথম
টেস্ট অভিষেকে বাজে শটে আউট হয়েছেন সাই সুদার্শান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 12:35 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

টেস্ট ক্রিকেটে ভারদ্বাজ সাই সুদার্শানের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। অভিষেক ইনিংসে ভারতের এই ব্যাটসম্যান পাননি রানের দেখা। এতে ফিরে এসেছে প্রায় ২৬ বছর আগের স্মৃতি। একটি জায়গায় দেশটির টেস্ট ইতিহাসেই তিনি প্রথম।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট দিয়ে ভারতের ৩২৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে শুক্রবার অভিষেক হয় সুদার্শানের। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। লাঞ্চ বিরতির একটু আগে লোকেশ রাহুলের বিদায়ে ৯১ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে যান সুদার্শান।

পরের ওভারেই তিনি চার বলে শূন্য রানে আউট হন বাজে শটে। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। 

টেস্ট অভিষেকে শূন্য রানে আউট হওয়া ষষ্ঠ ভারতীয় টপ অর্ডার (এক থেকে তিন নম্বর) ব্যাটসম্যান তিনি, আর তিন নম্বরে শূন্য রানে ফেরা দেশটির প্রথম ব্যাটসম্যান।

তার আগে সবশেষ টপ অর্ডারে অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন দেভাং গান্ধি। ১৯৯৯ সালের অক্টোবরে মোহালিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৪ বলে শূন্য রানে আউট হয়েছিলেন এই ওপেনার। 

এছাড়া ১৯৮১ সালে কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ১৯৬৪ সালে কেএস ইন্দ্রাজিৎসিংহজি, ১৯৫২ সালে দাত্তাজিরাও গায়কোয়াড় ও ১৯৪৯ সালে মাধুসুধান রেগে পেয়েছিলেন এই তেতো স্বাদ। এর মধ্যে শ্রীকান্ত ছাড়া বাকিরা দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে কেবল ৩৯.৯৩ ব্যাটিং গড় নিয়ে টেস্ট ক্যাপ পেয়েছেন সুদার্শান। এবারের আইপিএলে ৫৪.২১ গড় ও ১৫৬.১৭ স্ট্রাইক রেটে রানের বন্যা বইয়ে দিয়ে আলোচনার ঝড় তোলেন তিনি।

জয়সওয়াল-গিলের দুর্দান্ত সেঞ্চুরির পর পান্তের ফিফটিতে ভারতের দাপুটে দিন

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডে প্রথম টেস্টে সেঞ্চুরি, জয়সওয়ালের অনন্য কীর্তি

প্রথম শ্রেণির ক্যারিয়ার খুব উজ্জ্বল না হওয়ার পরও তাকে টেস্টে সুযোগ দেওয়া নিয়ে সমালোচনাও চলছে, বিশেষ করে আগে টেস্ট খেলা ধ্রুব জুরেল ও প্রথম শ্রেণিতে ১০১ ম্যাচে ৪৮.৮৭ গড়ে রান করে এখনও টেস্ট অভিষেক না হওয়া আভিমান্যু ইশ্বরন যখন স্কোয়াডে আছেন।

ভারতের তিন ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি ও ভিরাট কোহলির মতো ২০ জুন সুদার্শানের টেস্ট অভিষেক নিয়ে অনেকে যখন রোমাঞ্চিত, তখন ব্যর্থ হলেন তিনি ব্যাট হাতে।

প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে সুদার্শান ঘুরে দাঁড়াতে পারেন কি-না, সেটিই এখন দেখার।