২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ ডাচ পেসার

ভিভিয়ান কিংমাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ ডাচ পেসার
ভিভিয়ান কিংমা। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শাস্তি পেয়েছেন ভিভিয়ান কিংমা। নেদারল্যান্ডসের এই পেসারকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

৩০ বছর বয়সী কিংমাকে শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

আইসিসি বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার পর ডোপ টেস্টে পজিটিভ হন কিংমা। ড্রাগ পরীক্ষায় তার শরীরে কোকেইনের একটি বিপাককৃত রূপ বেনজয়েলেকোনিনের উপস্থিতি পাওয়া গেছে। মূলত কোকেইন পাকস্থলিতে পরিপাকের পর বেনজয়েলেকোনিনে রূপ নেয়। যা প্রসাবের সঙ্গে বেরিয়ে আসে।

নিজের ভুল স্বীকার করে নিয়েছেন কিংমা। ক্রিকেটের কোনো টুর্নামেন্টের বাইরে থাকার সময় ‘রিক্রিয়েশনাল ড্রাগটি’ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

কিংমার শাস্তির মেয়াদ গত ১৫ অগাস্ট থেকে শুরু হয়েছে। অনুমোদিত চিকিৎসার প্রক্রিয়া যদি সন্তোষজনকভাবে পার করতে পারেন তিনি, তাহলে শাস্তি এক মাসে নেমে আসতে পারে।