বাংলাদেশ ম্যাচের আগে নাভিনকে হারাল আফগানিস্তান
বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক পেসার আব্দুল্লাহ আহমাদজাই।
এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ধাক্কা খেয়েছে আফগানিস্তান। বাকি আসর থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার নাভিন-উল-হাক। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক পেসার আব্দুল্লাহ আহমাদজাই।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সোমবার বিবৃতিতে জানায়, কাঁধের চোট থেকে নাভিন এখনও পুরোপুরি সেরে ওঠেননি। পুরোপুরি সেরে ওঠার আগ পর্যন্ত নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি।
এশিয়া কাপে আফগানিস্তানের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না নাভিন। ২৫ বছর বয়সী ক্রিকেটার সবশেষ আফগানিস্তানের হয়ে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৮ টি-টোয়েন্টিতে তার উইকেট ৬৭টি।
এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে আট ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেন তিনি। পরে জুনে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে পাঁচ ম্যাচে ৮ উইকেট নেন তিনি এমআই নিউ ইয়র্কের হয়ে।
নাভিনের জায়গায় দলে আসা আহমাদজাই প্রাথমিকভাবে এশিয়া কাপের রিজার্ভ তালিকায় ছিলেন। এই টুর্নামেন্ট শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতেই ত্রিদেশীয় সিরিজের অংশ ছিলেন তিনি। সেখানে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটিতে ৩ ওভারে ৩১ রানে একটি উইকেট পান ২২ বছর বয়সী পেসার।
আফগানদের এশিয়া কাপের স্কোয়াডে আহমাদজাই ছাড়াও বিশেষজ্ঞ পেসার আছেন আরও দুজন- ফাজালহাক ফারুকি ও ফারিদ আহমাদ। পেস বোলিং অলরাউন্ডার আছেন তিন জন- আজমাতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব ও কারিম জানাত।
আসরে প্রথম ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে শুভসূচনা করা আফগানিস্তান মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ তারা খেলবে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে।
চার দলের গ্রুপের শীর্ষ দুই দল পাবে সুপার ফোরের টিকেট।
