অস্ট্রেলিয়ার রান পাহাড়ের সামনে বিপাকে উইন্ডিজ
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করছেন ওপেনার তেজনারাইন চন্দরপল।
টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন মার্নাস লাবুশেন। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে ছিলেন ট্রাভিস হেড। শেষ পর্যন্ত কেউই পারলেন না কাঙ্ক্ষিত স্বাদ নিতে। তবে অস্ট্রেলিয়া পেল বিশাল পুঁজি। জবাব দিতে নেমে বিপাকে পড়া ওয়েস্ট ইন্ডিজকে টানছেন তেজনারাইন চন্দরপল।
অ্যাডিলেইডে দিন-রাতের টেস্টে শুক্রবার ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানরা দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেটে ১০২ রান করে। এখনও ৪০৯ রানে পিছিয়ে তারা।
সফরকারীদের হয়ে লড়ছেন ব্যাটিং গ্রেট শিবনারাইন চন্দরপলের ছেলে তেজনারাইন। ১ ছক্কা ও ৩ চারে ৪৭ রানে খেলছেন তিনি।
পার্থ টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করা লাবুশেন এবার খেলেন ১৬৩ রানের ইনিংসে। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানের ৩০৫ বল ও ৪৪৯ মিনিট স্থায়ী ইনিংস সাজানো ১৪ চারে।
আগের ম্যাচে ৯৯ রানে আউট হওয়া হেড এবার খেলেন ক্যারিয়ার সেরা ১৭৫ রানের ইনিংস। তার ২১৯ বল ও ৩৩৪ মিনিট স্থায়ী ইনিংস গড়া ২০ চারে। টেস্টে তার আগের সেরা ছিল ১৬১।
৩ উইকেটে ৩৩০ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন আগের দিন সেঞ্চুরি করা লাবুশেন ও হেড। দেখেশুনে খেলে, জোনে পেলে বাউন্ডারি হাঁকিয়ে রান বাড়াতে থাকেন দুইজন। প্রথম ঘণ্টা বিপদ ছাড়াই কাটিয়ে দেয় স্বাগতিকরা।
রোস্টন চেইসকে চার মেরে ১৮২ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় দেড়শ করেন হেড। পরের ওভারে দেড়শ স্পর্শ করেন লাবুশেনও ২৯৩ বলে। এটি তার পঞ্চম দেড়শ ছাড়ানো ইনিংস।
তিন ওভার পর লাবুশেনকে থামিয়ে দেন ডেভন টমাস। অফ স্টাম্পের সামান্য বাইরের বল ড্রাইভ করে কট বিহাইন্ড হন ব্যাটসম্যান। ভাঙে ২৯৭ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার যা তৃতীয় সর্বোচ্চ।
লাঞ্চ বিরতির পর তৃতীয় ওভারে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে বিদায় নেন হেড। হতাশায় কিছুক্ষণ মাঠেই হাঁটু গেড়ে বসে থাকেন তিনি। ক্যামেরন গ্রিন টিকতে পারেননি বেশিক্ষণ। ৬ চারে ৫৪ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অ্যালেক্স কেয়ারি।
অস্ট্রেলিয়ার রান পাহাড়ের জবাবে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওভারে মাইকেল নিসারের দারুণ এক ডেলিভারিতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্র্যাথওয়েট কট বিহাইন্ড হলে ভাঙে উদ্বোধনী জুটি।
কয়েক ওভার পর শামার ব্রুকসের ফিরতি ক্যাচ মুঠোয় রাখতে পারেননি নিসার। ৮ রানে জীবন পাওয়া ব্যাটসম্যানকে পরের ওভারেই কট বিহাইন্ড করে দেন এই পেসার।
ন্যাথান লায়নকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন জার্মেইন ব্ল্যাকউড। ৫০ রানে ৩ উইকেট হারানো দলকে কিছুক্ষণ টানেন টমাস। দিনের শেষ দিকে তাকে বোল্ড করে দেন গ্রিন।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে আরেক প্রান্ত আগলে রাখেন চন্দরপল। উইকেটে তার সঙ্গী অ্যান্ডারসন ফিলিপ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৩৭ ওভারে ৫১১/৭ ডিক্লে. (আগের দিন ৩৩০/৩) (লাবুশেন ১৬৩, হেড ১৭৫, গ্রিন ৯, কেয়ারি ৪১*, নিসার ১৮, স্টার্ক ৫*; জোসেফ ৩১-৪-১০৭-২, হোল্ডার ২৬-৬-৬৮-১, চেইজ ৩০-১-১১৭-০ মিন্ডলি ২-০-১১-০, ফিলিপ ২৬-২-১১৫-০, ব্র্যাথওয়েট ৮-০-৩৫-১, টমাস ১৪-১-৫৩-১২)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৭ ওভারে ১০২/৪ (ব্র্যাথওয়েট ১৯, চন্দরপল ৪৭*, ব্রুকস ৮, ব্ল্যাকউড ৩, টমাস ১৯*, ফিলিপ ১*; স্টার্ক ১১-১-৩২-০, বোল্যান্ড ১০-৩-১৩-০, নিসার ৯-০-২০-২, লায়ন ৪-০-১৩-১, গ্রিন ৩-০-২৩-১)
