১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পুরনো দলের বিপক্ষে চেন্নাইয়ে অভিষেকে ব্যর্থ স্যামসন

সাত মৌসুমের মধ্যে এই প্রথম আইপিএল আসরে নিজের প্রথম ম্যাচে পঞ্চাশ ছুঁতে পারলেন না এই কিপার-ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 04:55 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

নতুন দলের হয়ে প্রথম ম্যাচ পুরনো দলের বিপক্ষে। ম্যাচের আগে সাঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা কিংবা আগ্রহ ছিল প্রবল। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে শুরুটা সুখকর হলো না তার। অভিষেকে অল্প রানে আউট হয়ে গেলেন ভারতীয় কিপার-ব্যাটসম্যান।

আইপিএলের ১৯তম আসরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দলের ইনিংস শুরু করতে নেমে ৭ বলে একটি চারে ৬ রান করেন স্যামসন। 

গুয়াহাটিতে সোমবার ব্যাটিংয়ের শুরু থেকে খুব একটা স্বস্তিতে দেখা যাচ্ছিল না তাকে। প্রথম ওভারে জফ্রা আর্চারের বলে একটি চার পেয়ে যান ব্যাটের কানায় লেগে। পরের ওভারে আরেক পেসার নান্দ্রে বার্গারের অফ স্টাম্পের বল লেগ সাইডে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হন তিনি।

সাত মৌসুমের মধ্যে এই প্রথম আইপিএল আসরে নিজের প্রথম ম্যাচে পঞ্চাশ ছুঁতে পারলেন না স্যামসন। গত ছয়টি আসরে প্রথম ম্যাচে তার স্কোর ছিল ৬৬, ৮২*, ৫৫, ৫৫, ১১৯ ও ৭৪।

আইপিএল ক্যারিয়ারে আগের ১৩ মৌসুমের ১১টিতেই রাজস্থানে খেলেছেন স্যামসন। দলটিকে নেতৃত্ব দিয়েছেন, আকাশচুম্বি পারিশ্রমিকে তাকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে সেই সম্পর্ক চুকেবুকে যায় গত মৌসুমে। নানা কিছু নিয়ে টানাপোড়েনের পর দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

গত নভেম্বরে ট্রেড উইন্ডোতে রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে রাজস্থানে দিয়ে ১৮ কোটি রুপিতে স্যামসনকে দলে নেয় চেন্নাই। আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি এটি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ তিন ম্যাচে দারুণ ব্যাটিংয়ে ভারতের শিরোপা জয়ে তিনি রাখেন উল্লেখযোগ্য অবদান। সবকিছু মিলিয়ে আইপিএলে তাকে ঘিরে চেন্নাই সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। অভিষেকে সেই দাবি তিনি মেটাতে পারলেন না।

চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে গত আইপিএল শেষ করা চেন্নাই এবারের আসরের শুরুতে চোটের কারণে পাচ্ছে না বেশ কয়েকজন ক্রিকেটারকে। যাদের একজন মাহেন্দ্র সিং ধোনি। এই প্রথম তারা কোনো ম্যাচ খেলছে ধোনি বা সুরেশ রায়নাকে ছাড়া।

প্রথম আট ওভারে স্রেফ ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই।