২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি-রোহিতসহ পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত

হাঁটুর চোট কাটিয়ে বাংলাদেশ সফর দিয়ে মাঠে ফিরবেন রবীন্দ্র জাদেজা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 09:59 PM

Updated : 31 Oct 2022, 09:59 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই নিউ জিল্যান্ড সফরে যাবে ভারত। দেশটিতে সীমিত ওভারের ক্রিকেটের দুই সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে। তবে বাংলাদেশ সফরের দলে আছেন তারা সবাই।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং বাংলাদেশ সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজের দল সোমবার দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

নিয়মিত অধিনায়ক রোহিত, রাহুল ও কোহলির সঙ্গে আগামী নভেম্বরের নিউ জিল্যান্ড সফর থেকে মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনকেও বিশ্রাম দিয়েছে ভারত। পরের মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের জন্য অবশ্য তাদের সবাইকে রাখা হয়েছে।

হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা রবীন্দ্র জাদেজা বাংলাদেশ সফরে দুই সংস্করণের দলেই আছেন। সবশেষ এশিয়া কাপের মাঝপথে পুরনো চোট মাথাচাড়া দিলে অস্ত্রোপচার করাতে হয় তার। এতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারছেন না এই স্পিনিং অলরাউন্ডার। 

পিঠের চোটে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়া জাসপ্রিত বুমরাহ এখনও সেরে ওঠেননি। অভিজ্ঞ পেসারকে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ, কোনো সফরেই পাবে না ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে গত বছর স্থগিত হওয়া সিরিজের পঞ্চম টেস্টটি গত জুলাইয়ে খেলে ভারত। সবশেষ খেলা ওই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন হনুমা বিহারি, প্রসিধ কৃষ্ণা, মায়াঙ্ক আগারওয়াল। এবারও বিবেচনায় আসতে পারেননি অজিঙ্কা রাহানে।

রোহিত, রাহুল খেলেননি ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহ্যামের ওই টেস্টে। তাদের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন আকসার প্যাটেল ও কুলদিপ যাদব।

বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপের সামনে লম্বা সময় পর টেস্ট খেলার হাতছানি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে। আকসার গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ১৪ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু ২২ ডিসেম্বর।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে তিনটি হবে আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সফর দিয়ে ২০১৫ সালের পর প্রথম বাংলাদেশে আসছে ভারত।

এর আগে নিউ জিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। সিরিজটি শুরু হবে আগামী ১৮ নভেম্বর।

রোহিতের অনুপস্থিতিতে কিউইদের বিপক্ষে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান ও টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়া। দুই সিরিজেই সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করবেন রিশাভ পান্ত।

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের আটজন-পান্ডিয়া, পান্ত, দিপক হুডা, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চেহেল, হার্শাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও আর্শদিপ সিং। ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা কুলদিপ সেন, উমরান মালিক ও আর্শদিপ।

নিউ জিল্যান্ড সফরের দল থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে ভারত। শুবমান গিল, দিপক হুডা, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, আর্শদিপ সিং, কুলদিপ সেন ও উমরান মালিক বাদ পড়েছেন।

বাংলাদেশ সফরের ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

বাংলাদেশ সফরের ভারত ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, রিশাভ পান্ত, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার, ইয়াশ দয়াল।

নিউ জিল্যান্ড সফরের ভারত টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রিশাভ পান্ত, ইশান কিষান, শুবমান গিল, দিপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, উমরান মালিক।

নিউ জিল্যান্ড সফরের ভারত ওয়ানডে দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), রিশাভ পান্ত, শুবমান গিল, দিপক হুডা, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, কুলদিপ সেন, আর্শদিপ সিং, শার্দুল ঠাকুর, দিপক চাহার।