২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট অভিযান শেষ করলেন হাসান

বাংলাদেশের এই পেসার ভালো বোলিং করলেও জিততে পারেনি তার দল।

দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট অভিযান শেষ করলেন হাসান
দল ভালো না করলেও খারাপ করেননি হাসান মাহমুদ। ছবি: কেন্ট ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 09:35 AM

Updated : 11 Sep 2026, 03:38 PM

নিজের প্রথম ওভারেই দলকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন হাসান মাহমুদ। পরে ইনিংসের শেষ ভাগে ফেরালেন প্রতিপক্ষের বিপজ্জনক এক ব্যাটসম্যানকে। তবে তার বোলিং যথেষ্ট হলো না দলকে জেতানোর জন্য। প্রথমবার টি-টোয়েন্টি ব্লাস্ট খেলে জয়ের স্বাদ আর পাওয়া হলো না বাংলাদেশের পেসারের। হার দিয়ে টুর্নামেন্ট শেষ করল কেন্ট স্পিটফায়ার্স।

টি-টোয়েন্টি ব্লাস্টে রোববার ৪ ওভারে ৩৩ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন হাসান। 

মিডলসেক্সের কাছে এই ম্যাচে ১৪ রানে হেরে যায় কেন্ট। সাউথ গ্রুপে দুই দলই শেষ করেছে ১৬ পয়েন্ট নিয়ে। কোয়ার্টার-ফাইনালের আগেই ছিটকে পড়েছে তারা।

ক্যান্টারবুরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস জিতে বোলিংয়ে নামে কেন্ট। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন হাসান। তার তৃতীয় বলে ভেতরে ঢোকা ডেলিভারিতে লং অনের পাশ দিয়ে চার মারেন জশুয়া ডি কেয়ার্স। তবে দুই বল পরই আবার স্কিড করে ভেতরে ঢোকা ডেলিভারিতে অনসাইডে ঘোরানোর চেষ্টায় পারেনি ডি কেয়ার্স। এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিতে সময় বেশি নেননি আম্পায়ার।

মিডলসেক্সের আরেক ওপেনার ম্যাথু বয়েল ১৭ বলে করেন ২১ রান, তিনে নেমে ম্যাক্স হোল্ডেন ২৪ বলে ২৪। তাদের রানের গতিতে দম দেন পাঁচে নামা বেন গেডেস। 

ষোড়শ ওভারে বোলিংয়ে এসে দারুণ এক ইয়র্কারে এই গেডেসকেই (২১ বলে ৩২) এলবিডব্লিউ করে দেন হাসান। 

ষোড়শ ওভারে মিডলসেক্সের রান তখন ৬ উইকেটে ১২০। তাদেরকে দেড়শর নিচে আটকে রাখার আশাই নিশ্চয় ছিল কেন্টের। কিন্তু সপ্তম উইকেটে ২৮ বলে ৫২ রানের জুটি গড়ে ফেলেন লুক হলম্যান (২২ বলে ৩৪*) ও ইথান বশ (১৫ বলে ২৩)। 

মিডলসেক্স শেষ করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রানে।

রান তাড়ায় কেন্টের অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৩৪ বলে ৪৭ রান করলেও আর কোনো ব্যাটসম্যান জএল উঠতে পারেননি। অধিনায়ক স্যাম বিলিংস আউট হন ১৮ বলে ২৬ করে। 

শেষ দিকে গ্র্যান্ট স্টুয়ার্ট ১১ বলে ১৭ রান করলেও ইনিংস শেষ হয় তাদের ৭ উইকেটে ১৫২ রানে।

কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচে ভালো করার পর টি-টোয়েন্টি ব্লাস্টে তিনটি ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হন হাসান। তিন ম্যাচে তার প্রাপ্তি চার উইকেট। 

সাউথ গ্রুপে চতুর্থ হয়ে নকআউট পর্বের আগেই থেমে গেল কেন্ট। দলটির হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে আার সেপ্টেম্বরে ফেরার কথা হাসানের।