২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নম্বরে মুকুলের ৭ ছক্কার ঝড়ে পান্তদের অবিশ্বাস্য জয়

জয়ের জন্য ২৪ বলে প্রয়োজন ছিল ৫৪ রান, তখন ২ রানে থাকা মুকুল চৌধুরি সাত ছক্কায় জেতালেন দলকে।

৭ নম্বরে মুকুলের ৭ ছক্কার ঝড়ে পান্তদের অবিশ্বাস্য জয়
ঝড়ো ইনিংসে দলকে জিতিয়ে মুকুল চৌধুরির উল্লাস। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 12:52 AM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ইয়র্কারের চেষ্টায় গড়বড় করে ফেললেন পেসার বৈভাব আরোরা। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বলে হাঁটু গেড়ে প্রবল শক্তিতে ব্যাট চালালেন মুকুল চৌধুরি। সুইপার কাভারের ওপর দিয়ে উড়ে গিয়ে গ্যালারিতে আছড়ে পড়ল বল। যেমন শট, তেমন টাইমিং। আইপিএল ইতিহাসের সেরা শটগুলির মধ্যেই থাকবে এটি।

ওই বলের আগে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২ বলে ৭ রান। মুকুলের ছক্কায় তাদের নাগালে চলে আসে জয়। শেষ বল ব্যাটে লাগাতে পারেননি মুকুল। বল ধরে থ্রোয়ে স্টাম্পে লাগাতে পারেননি কিপারও। ‘বাই’ থেকে এক রান নিয়ে রোমাঞ্চকর জয় নিশ্চিত হয়ে যায় লাক্ষ্ণৌর।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার ১৮২ রানের লক্ষ্য তাড়ায় লাক্ষ্ণৌর জয় ৩ উইকেটে।

৩ উইকেট হাতে নিয়ে ২৪ বলে ৫৪ রান দরকার ছিল লাক্ষ্ণৌর। সাত নম্বরে নামা মুকুল তখন ২ রানে খেলছিলেন। সেখান থেকে তিনি হাঁকান সাতটি ছক্কা ও দুটি চার। ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।

ইডেন গার্ডেন্সে রান তাড়ায় প্রথম চার ওভারে বিনা উইকেটে ৪১ রান তোলার পর পথ হারিয়ে ফেলে লাক্ষ্ণৌ। মিচেল মার্শ (১৫), এইডেন মার্করাম (২২), অধিনায়ক রিশাভ পান্ত (১০) ইনিংস টেনে নিতে পারেননি। 

নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় যোগ দেওয়া ক্যামেরন গ্রিন তিন ম্যাচ পর অবশেষে বল হাতে নিয়ে দ্বিতীয় বলেই ফেরান পান্তকে। 

অন্যদের নিষ্প্রভ দিনে ‘ইম্প্যাক্ট বদলি’ আয়ুশ বাদোনির ৩৪ বলে ৫৪ রানের ইনিংস লড়াইয়ে রাখে লাক্ষ্ণৌকে। ১৫তম ওভারে আউট হয়ে যান তিনি। পরের ওভারের শেষ বলে বিদায় নেন মোহাম্মদ শামি।

লাক্ষ্ণৌর স্কোর তখন ৭ উইকেটে ১২৮, চার ওভারে ৫৪ রানের সমীকরণ তাদের সামনে।

১৭তম ওভারে আরোরাকে চার মারার পরের বলে মাহেন্দ্র সিং ধোনির বিখ্যাত ‘হেলিকপ্টার শটে’ নিজের প্রথম ছক্কা হাঁকান মুকুল। ওভারে আসে ১৭ রান।

পরের ওভারে কার্তিক তিয়াগিকে দুটি ছক্কা মারেন তিনি। এই ওভারে আসে ১৮ রান। দুই ওভারে চাই ৩০। 

১৯তম ওভারে গ্রিনের তৃতীয় বল লং লেগের ওপর দিয়ে ছক্কায় ওড়ান মুকুল। ৮ বলে দরকার যখন ২৪, গ্রিনের শেষ দুই বলে চার ও ছক্কা মারেন তিনি।

শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। আভেশ খান প্রথম বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন মুকুলকে। দ্বিতীয় বল ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে দেন তিনি। পরের দুই বলে আরোরার দারুণ দুটি ইয়র্কারে ব্যাটে লাগাতে পারেননি মুকুল। এরপরই মুকুলের চোখধাঁধানো শটে ওই ছক্কা। 

শেষ বলে এক রান পূর্ণ হতেই বাতাসে হাত ছোড়েন মুকুল। ব্যাট ও হেলমেট ছুড়ে উদযাপনে মাতেন আভেশ। ডাগআউট থেকে মাঠে ছুটে আসেন লাক্ষ্ণৌর কেউ কেউ। চলে আনন্দ-উল্লাস।

এবারই প্রথম আইপিএলে খেলছেন মুকুল। গত ডিসেম্বরে নিলামে ২ কোটি ৬০ লাখ রুপিতে তাকে দলে নেয় লাক্ষ্ণৌ। প্রথম ম্যাচে দুটি চারে ১১ বলে ১৪ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ম্যাচে ৫ বলে ২ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন। 

আর এবার দলের খুব প্রয়োজনের সময় অসাধারণ ব্যাটিংয়ে তিনিই জয়ের নায়ক।