২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলিদের আশার জ্বালানি হয়ে ফিরলেন হেইজেলউড

এবারের আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সফলতম বোলার অনিশ্চয়তা কাটিয়ে যোগ দিলেন দলের সঙ্গে।

কোহলিদের আশার জ্বালানি হয়ে ফিরলেন হেইজেলউড
এবারের আইপিএলে দারুণ বোলিং করছেন জশ হেইজলউড, ব্যাট হাতে বরাবরের মতোই ফর্মে ভিরাট কোহরি। ছবি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 12:35 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

সাদা রঙের একটি গাড়ী এসে থামল হোটেলের সামনে। দরজা খুলে আস্তে আস্তে বের হলেন একজন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিজিটাল প্ল্যাটফর্মে নাটকীয়ভাবে উপস্থাপন করা হলো সেই ভিডিও। হোটেলের লবিতে ঢুকলেন সেই ব্যক্তি। এরপর ক্যামেরায় তাকিয়ে বললেন, ‘আরসিবি ফ্যানস, আই অ্যাম ব্যাক…।’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের মনে দোলা দেওয়ার মতো ব্যাপারই সেটি। ফিরে এসেছেন জশ হেইজেলউড!

ধারণা করা হচ্ছিল, প্লে-অফের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন হেইজেলউড। কিন্তু প্রাথমিক পর্বের শেষ ম্যাচের আগেই অস্ট্রেলিয়ান এই পেসারকে পেল দলটি। টুর্নামেন্টের আসল সময়ে এসে বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে ফিরে পেয়ে বেঙ্গালুরুর সম্ভাবনাও বেড়ে গেল অনেকটা।

দলের ১৩ ম্যাচের ১০টি খেলেছেন হেইজেলউড। তাতেই তিনি দলের সফলতম বোলার এবং এবারের টুর্নামেন্টের সেরা বোলারদের একজন। 

বেঙ্গালুরু প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি খেলবে মঙ্গলবার। শীর্ষ দুইয়ে থেকে তারা প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবে কি না, সেটি অনেকটাই নির্ভর করবে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ওই ম্যাচের পারফরম্যান্সের ওপর। সেই ম্যাচে চোট কাটিয়ে ফেরা হেইজেলউডকে খেলানো হবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। তবে প্লে-অফে নিশ্চিতভাবেই তাকে পাচ্ছে দল।

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএল স্থগিত হওয়ার আগে বেঙ্গালুরুর শেষ ম্যাচটি তিনি খেলতে পারেননি। তাকে বাইরে রেখেছিল কাঁধের চোট। পরে আইপিএল আবার শুরু হলেও ভারতে ফিরতে পারছিলেন না ৩৪ বছর বয়সী পেসার। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন চলছিল তার। 

আইপিএল ফাইনালের এক সপ্তাহ পরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তাই তার ফেরা নিয়ে অনিশ্চয়তাও ছিল কিছুটা। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি দীর্ঘদেহী এই পেসার। এবার তাই বাড়তি সতর্ক থাকার কথা তার। তবে শেষ পর্যন্ত তিনি ফিরলেন বেঙ্গালুরুর স্বপ্নের প্রথম শিরোপা জয়ের চেষ্টায় সঙ্গী হতে। 

হেইজেলউডের অনুপস্থিতিতে ম্যাচ খেলার সুযোগ পেয়ে ভালো কিছু করতে পারেননি লুঙ্গি এনগিডি। ব্লেসিং মুজারাবানিকে দলে যোগ করেছে বেঙ্গালুরু। তবে জিম্বাবুয়ের এই পেসারের এই পর্যায়ে অভিজ্ঞতা ততটা নেই। নুয়ান থুসারা দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ করে নিতে পারেননি। হেইজেলউডের ফেরা তাই উজ্জীবিত করছে গোটা দলকেই।