২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের কাছে পাত্তা পেল না বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরুর পর ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ।

নিউ জিল্যান্ডের কাছে পাত্তা পেল না বাংলাদেশ

টসের সময় দুই অধিনায়ক কেন উইলিয়ামসন ও সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 04:21 PM

Updated : 09 Oct 2022, 05:08 PM

অধিনায়ক সাকিব আল হাসান ফিরলেন। একাদশে পরিবর্তন হলো মোট তিনটি। উদ্বোধনী জুটিতে বদল এলো, ব্যাটিং অর্ডারে ওলট-পালট হলো অনেক। কিন্তু লাভ কিছুতেই কিছু হলো না। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের অ্যাপ্রোচ, ধরন, মানসিকতা ও স্কিলকে আরও একবার প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশ আলিঙ্গন করল আরও একটি পরাজয়কে।

পাকিস্তানের কাছে সহজে হারার পর এবার নিউ জিল্যান্ডের সঙ্গেও লড়াই জমাতে পারল না বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া দুই দলের লড়াইয়ে কিউইরা জিতল ৮ উইকেটে।

হ্যাগলি ওভালে এই ম্যাচও হয় আগের দুই ম্যাচের উইকেটে। আগের দুই দিনে দুই ম্যাচের পর উইকেট এ দিন ছিল কিছুটা মন্থর। কিন্তু লড়ার মতো রান তো করতে হবে! টস হেরে বাংলাদেশ করতে পারে মোটে ১৩৭ রান।

অনুমিতভাবেই কোনো লড়াই জমেনি এই পুঁজি নিয়ে। পেশাদার রান তাড়ায় তাড়াহুড়ো না করে নিউ জিল্যান্ড জিতে যায় ১৩ বল বাকি রেখে।

ক্রাইস্টচার্চের উইকেটে অফ স্পিনে ৪ ওভারে স্রেফ ১৪ রানে ২ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ মাইকেল ব্রেসওয়েল। এটিই বলে দিচ্ছে, উইকেট কেমন ছিল। এই ধরনের উইকেট বাংলাদেশেরই পক্ষে থাকার কথা। হলো উল্টো।

ব্যাটসম্যানদের মধ্যে এ দিন ‘ইন্টেন্ট’ বা অভিপ্রায় দেখানোর একটু চেষ্টা অবশ্য ছিল। তবে ছিল না কার্যকারিতা বা সফলভাবে তা প্রয়োগ করা।

এমনকি সাম্প্রতিক সময়ে যে দুজন ব্যাটসম্যান কেবল একটু ছন্দে আছেন, সেই লিটন দাস ও আফিফ হোসেন এ দিন ছিলেন একদমই অচেনা। ফেরার ম্যাচে বিবর্ণ সাকিব আল হাসানও। শেষ দিকে নুরুল হাসান সোহানের ছোট্ট এক ঝড়ো ইনিংসে কিছুটা বাড়ে দলের রান। তবে চ্যালেঞ্জ জানানোর স্কোরও আসলে হয়নি।

সাকিবের সঙ্গে একাদশে ফেরেন এই ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। সাব্বির রহমানের ওপেনিং পরীক্ষা শেষ করার পাশাপাশি বাইরে রাখা হয় মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদকে।

হতাশার শুরু যথারীতি ম্যাচের শুরু থেকেই। টি-টোয়েন্টিতে শুরুর ধাঁধা মেলানোর চেষ্টায় থাকা দল এ দিন মাঠে নামায় নতুন উদ্বোধনী জুটি। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ও সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেওয়া হয় মেলবন্ধন গড়ে তোলার। তবে কঠিন চ্যালেঞ্জ উতরাতে পারেনি নতুন জুটি।

দ্বিতীয় ওভারে একটুর জন্য বেঁচে গিয়ে এক বল পরই আউট হন মিরাজ। শান্ত আরেকপ্রান্তে দুটি চার মারেন বটে, তবে বেশির ভাগ সময়ই ছিলেন নড়বড়ে।

Image

রান তাড়ায় ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভন কনওয়ে।

তিনে নেমে লিটনও একদমই ছন্দ পাননি। প্রথম বলেই জোরাল এলবিডব্লিউয়ের আবেদন থেকে রক্ষা পান। শূন্য রানে বেঁচে যান জিমি নিশাম কাভারে সহজ ক্যাচ ছেড়ে দেওয়ায়। বাকি সময়টায়ও নিজেকে আর খুঁজে পাননি তিনি।

প্রথম ৫ ওভারে আসে স্রেফ ৩০ রান। পরের দুই ওভারে শান্ত ও লিটন দুটি করে চার মেরে গতি বাড়ানোর ইঙ্গিত দেন। কিন্তু এরপরই মাইকেল ব্রেসওয়েলকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন (১৫)।

তেড়েফুঁড়ে ছক্কার চেষ্টায় শান্তর (৩৩) বিদায় পরের ওভারেই। তাকে ফিরিয়ে ইশ সোধি পূরণ করেন উইকেটের সেঞ্চুরি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের স্বাদ পাওয়া নিউ জিল্যান্ডের দ্বিতীয় ও সব মিলিয়ে পঞ্চম বোলার এই লেগ স্পিনার।

১০ ওভার শেষে বাংলাদেশের রান হয় ৩ উইকেটে ৬৩।

নিউ জিল্যান্ড ক্যাচ হাতছাড়া করে এরপরও। কিন্তু বাংলাদেশ তা কাজে লাগাতে পারলে তো!

সোধির বলে ৮ রানে আফিফের সহজ ক্যাচ ছাড়েন অ্যাডাম মিল্ন। পরের বলেই আলগা শটে উইকেট বিলিয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। আগের ম্যাচে শেষদিকে ঝড় তোলা ইয়াসির আলিও এবার ব্যর্থ।

আফিফ এ দিন ছিলেন যেন নিজের ছায়া হয়ে। বারবার জায়গা বানিয়ে খেলার চেষ্টা করেন, বারবার সুইপ খেলা বা ছটফট প্রবণতা দেখা যায় অনেক। ২৬ বল খেলেও কোনো বাউন্ডারি পাননি। শেষ পর্যন্ত বোল্ড হয়েছেন ট্রেন্ট বোর্টকে স্লগ করতে গিয়ে।

সাড়ে চার বছর পর সাত নম্বরে নেমে ১ চারে সাকিবের রান ১৬ বলে ১৬।

১২০ রান নিয়েই তখন টানাটানি। ১৯তম ওভারে সোধিকে টানা দুটি ছক্কা মারেন সোহান, শেষ ওভারে বাউন্ডারি পান বোল্টের স্লোয়ার বলে। তার ১২ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস দলকে নিয়ে যায় ১৩৭ পর্যন্ত।

ওই পুঁজি নিয়ে বোলিংয়ে শুরুটা বাংলাদেশ ভালোই করে। লক্ষ্য বড় ছিল না বলে নিউ জিল্যান্ড খুব তাড়াও দেখায়নি বা ঝুঁকি নেয়নি।

চতুর্থ ওভারে শরিফুল ইসলামকে ফ্লিক করে ছক্কা মারার পর ফিন অ্যালেন (১৬) আউট হন পুল করে ছক্কা মারার চেষ্টায়। দলীয় পঞ্চাশ ছুঁতে নিউ জিল্যান্ডের লেগে যায় অষ্টম ওভার। তবে আতঙ্কিত না হয়ে খেলা নিয়ন্ত্রণেই রাখে তারা।

ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের জুটি শুরুতে একটু সময় নেয়। উইকেটে গতির সঙ্গে মানিয়ে নেওয়ার পর দুজনই সাবলিল ব্যাটিংয়ে এগিয়ে যান লক্ষ্যের দিকে। ১১ ওভারে ৮৫ রানের জুটির পর উইলিয়ামসন আউট হন ২৯ বলে ৩০ রান করে।

৫১ বলে অপরাজিত ৭০ করে কনওয়ে ফেরেন দলের জয় সঙ্গে নিয়ে। শরিফুলের টানা দুই বলে বাউন্ডারিতে খেলা শেষ করে দেন গ্লেন ফিলিপস (৯ বলে ২৩*)।

বাংলাদেশের পরের ম্যাচ বুধবার পাকিস্তানের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৭/৮ (শান্ত ৩৩, মিরাজ ৫, লিটন ১৫, আফিফ ২৪, মোসাদ্দেক ২, ইয়াসির ৭, সাকিব ১৬, সোহান ২৫*, তাসকিন ৩, হাসান ১*; বোল্ট ৪-০-২৫-২, সাউদি ৪-০-৩৪-২, মিল্ন ২-০-১২-০, নিশাম ১-০-১২-০, ব্রেসওয়েল ৪-০-১৪-২, সোধি ৪-০-৩১-২, ফিলিপস ১-০-৮-০)।

নিউ জিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৪২/২ (অ্যালেন ১৬, কনওয়ে ৭০*, উইলিয়ামসন ৩০, ফিলিপস ২৩*; তাসকিন ৪-০-৩৪-০, শরিফুল ৩.৫-০-৩৯-১, হাসান ৪-০-২৬-১, মিরাজ ২-০-১২-০, সাকিব ৩-০-২৩-০, মোসাদ্দেক ১-০-৭-০)।

ফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মাইকেল ব্রেসওয়েল।