বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের পাকিস্তান একাদশে ৪ পেসার
লম্বা সময় পর পাকিস্তানের হয়ে সাদা পোশাকে খেলবেন মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।
বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য পেসনির্ভর একাদশ সাজাবে পাকিস্তান, একরকম নিশ্চিতই ছিল। প্রথম টেস্টের একাদশে চার পেসার রেখেছে তারা। লম্বা সময় পর সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।
আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দুই দিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে স্বাগতিকরা।
এই ম্যাচের জন্য শুরুতে দলে স্রেফ একজন বিশেষজ্ঞ স্পিনার রেখেছিল পাকিস্তান। সেই লেগ স্পিনার আবরার আহমেদকেও গত শনিবার ছেড়ে দেয় তারা। তাতে পেসার দিয়ে বোলিং আক্রমণ সাজানোর বিষয়টি নিশ্চিত হয়ে যায়। তখন পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেস্পি বলেছিলেন, সালমান আলি আঘাকে দিয়ে স্পিনের কাজ চালাবেন তারা।
পাকিস্তান একাদশে বিশেষজ্ঞ চার পেসার হলেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শাহজাদ ও আলি। এখন পর্যন্ত দুই টেস্ট খেলা আলি সবশেষটি খেলেন ২০২২ সালের ডিসেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। দুই টেস্টে তার শিকার চারটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ ম্যাচ খেলা ডানহাতি এই পেসারের উইকেট ১৫০টি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৮ বার, ম্যাচে ১০ উইকেট দুইবার।
শাহজাদ তার একমাত্র টেস্টটি খেলেন গত ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচে মোট পাঁচ উইকেট নেন তিনি। ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ডানহাতি এই পেসারের নামের পাশে ১৪১ উইকেট। ইনিংসে পাঁচ শিকার ধরেন পাঁচবার, ম্যাচে ১০ উইকেট একবার।
একাদশে ফিরেছেন তরুণ ওপেনার সাইম আইয়ুব। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলে ৩৩ রান করেন তিনি। প্রথম শ্রেণিতে ১৬ ম্যাচে তিনটি করে ফিফটি ও সেঞ্চুরিতে বাঁহাতি এই ব্যাটসম্যানের রান এক হাজার ১১৩। ব্যাটিং গড় ৪২.৮০।
টপ অর্ডারের বাকি দুই ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ। মিডল অর্ডারে বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আছেন সালমান।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শাফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি।
