বিপিএল ম্যাচ না খেলার ‘পজিটিভ’ দিকও পেয়েছেন শান্ত
বিপিএলে বরিশালের হয়ে পাঁচ ম্যাচ মিলিয়ে ৫৬ রান করার পর আর একাদশে জায়গা পাননি শান্ত, ম্যাচ অনুশীলনের ঘাটতি নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
সংবাদ সম্মেলন কক্ষে ঢোকার পর থেকে নাজমুল হোসেন শান্তর মুখের হাসিই যেন সরে না। এদিক-ওদিক তাকিয়ে হাসির মাত্রা বাড়তেই থাকে তার। এক সাংবাদিক তাই জিজ্ঞেস করে বসলেন, 'ভাই, এতো হাসছেন যে?' শান্তর সহাস্য উত্তর, 'অনেক দিন পর (সংবাদ সম্মেলনে) এলাম তো!'
সত্যিই লম্বা সময় পর সংবাদ সম্মেলনে এলেন শান্ত। আসবেন কী করে, বিপিএলের বেশিরভাগ সময় যে খেলার সুযোগই পাননি বাংলাদেশ অধিনায়ক! এতে অবশ্য আক্ষেপ নেই তার। বরং ওই সময়টার ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যখন মাঠে নামবেন শান্ত, সবশেষ স্বীকৃত ম্যাচ খেলার পাঁচ সপ্তাহ তখন হয়ে যাবে তার। বিপিএলে ফরচুন বরিশালের প্রথম ছয় ম্যাচের পাঁচটি খেললেও পরে আর সুযোগ পাননি একটিতেও। ১৬ জানুয়ারির পর কোনো ম্যাচ খেলেননি তিনি। জাতীয় দলের হয়ে তার সবশেষ ম্যাচ গত নভেম্বরে।
তাই ম্যাচ অনুশীলনে ঘাটতি আছে স্পষ্টই। তবে সেটিকে বড় করে দেখতে চান না শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, বিপিএলের ফাঁকা সময়টা নিজের মতো করে কাজে লাগিয়েছেন তিনি।
“ম্যাচ খেলতে পারিনি... এর মধ্যেও ইতিবাচক কিছু দিক ছিল। আমি নিয়মিতই (অনুশীলনে) বাড়তি সময় ব্যাটিং করার সুযোগ পেয়েছি। যাতে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারি। কোচেরা সাহায্য করেছেন। পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছি। বিপিএলের ওই সময় খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে, টুর্নামেন্টটা ভালো যাবে।"
বিপিএলে সুযোগ পাওয়া পাঁচ ম্যাচে ভালো করতে পারেননি শান্ত। চার ম্যাচে দুই অঙ্কই ছুঁতে পারেননি বরিশালের টপ-অর্ডার ব্যাটসম্যান। অন্য ম্যাচে তিনি খেলেন ৩৩ বলে ৪১ রানের ইনিংস। পরে তাকে একাদশের বাইরে রাখে চ্যাম্পিয়নরা।
ম্যাচ না খেললেও অনুশীলনে শান্তর ঘাম ঝরানোর নজির দেখা গেছে নিয়মিতই। বিপিএল ফাইনালের দুই দিন আগেই যেমন, ফরচুন বরিশালের ঐচ্ছিক অনুশীলনের নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই মাঠে চলে আসেন তিনি। মাথায় তখন বরিশালেরই হেলমেট। তবে গায়ে ছিল বাংলাদেশ দলের অনুশীলন জার্সি। বিসিবি ইনডোরে ব্যাটিং কসরত সেরে নেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে।
সেদিনের ঘটনা স্রেফ একটি উদাহরণ। বিপিএলে একাদশে জায়গা থেকে বাদ পড়ার পর থেকে নিয়মিতই অনুশীলনে বাড়তি সময় কাটিয়েছেন শান্ত।
বিপিএলের আগে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি যেতে পারেননি চোটের কারণে। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে শারজাহতে।
চোটে ছিটকে যাওয়ার আগে ওই সিরিজের দুই ম্যাচেই রান করেছিলেন শান্ত। প্রথম ম্যাচে ৪৭ রানের পর দ্বিতীয়টিতে তার ব্যাট থেকে আসে ৭৬ রানের ইনিংস।
ওই সিরিজ থেকে প্রেরণা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিতে ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক।
"ওয়ানডেতে আমার সবশেষ স্মৃতি ভালো। শেষ ম্যাচে ভালো একটা ইনিংস খেলেছিলাম। টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারিনি, ভালো অবস্থায় নেই। গত বছর রান মোটামুটি করেছি। তবে স্ট্রাইক রেট হয়তো ওই পর্যায়ে ছিল না। তবে রানের দিক থেকে আমি ভালো করেছি। আমি বিশ্বাস করি, এর চেয়ে ভালো ব্যাটসম্যান আমি।"
"ওই সংস্করণ নিয়ে চিন্তা করছি না। ওয়ানডে ভালো যাচ্ছে। অনেক দিন পর ম্যাচ খেলব। ম্যাচ প্রস্তুতিটা এখানে হচ্ছে। গতকাল একটা ম্যাচ সিনারিও হয়েছে। আজকে একটা হবে। সামনে আরেকটা প্রস্তুতি ম্যাচ আছে। ম্যাচ অনুশীলনটা ওখানে হয়ে যাবে। আর এই সংস্করণটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি। তাই মানিয়ে নেওয়া খুব একটা সমস্যা হবে না।"
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।
মূল পর্ব শুরুর আগে সোমবার একই মাঠে পাকিস্তান শাহিনসের (পাকিস্তান 'এ') বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্তরা।
