২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসে আসছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

আড়াই সপ্তাহের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং উইমেন'স দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 10:24 PM

Updated : 26 Aug 2026, 12:30 PM

ইমার্জিং ক্রিকেটে নিজেদের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। আড়াই সপ্তাহের সফরে আগামী ২ মে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম ও কক্সবাজারে হবে দুই সিরিজের সব ম্যাচ।  

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ৬ তারিখ হবে প্রথম ওয়ানডে। একই মাঠে সিরিজের পরের দুই ম্যাচ ৮ ও ১১ মে। তিনটি ম্যাচই শুরু সকাল ১০টায়।

এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে কক্সবাজার চলে যাবে দুই দল। কক্সবাজারের ক্রিকেট একাডেমি মাঠে ১৪, ১৬ ও ১৮ মে হবে তিন ম্যাচ। খেলা শুরু দুপুর দেড়টায়। 

প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক সজীবের তত্ত্বাবধানে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের নিয়ে এরই মধ্যে বিকেএসপিতে শুরু হয়ে গেছে অনুশীলন ক্যাম্প। 

আগামী মাসের শুরুতে চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। মেয়েদের ইমার্জিং দলের এটিই প্রথম সিরিজ।