১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসের আফগানিস্তান দলে নাবির ছেলে

টি-টোয়েন্টি সংস্করণের প্রতিযোগিতায় নতুন চেহারার দলকে নেতৃত্ব দেবেন দারবিশ রাসুলি।

এশিয়ান গেমসের আফগানিস্তান দলে নাবির ছেলে
গত বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একসঙ্গে খেলেন মোহাম্মাদ নাবি ও তার ছেলে হাসান ইসাখিল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 10:01 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

অনভিজ্ঞ এক দল নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে খেলতে যাচ্ছে আফগানিস্তান। এতে ডাক পেয়েছেন অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মোহাম্মাদ নাবির ছেলে হাসান ইসাখিল। 

টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি এমন খেলোয়াড় আছেন ছয় জন। আরও পাঁচ জন আছেন, যারা ১০টির কম ম‍্যাচ খেলেছেন। নতুন চেহারার এই দলকে নেতৃত্ব দেবেন দারবিশ রাসুলি।  

১৫ সদস‍্যের দলে অভিজ্ঞ বলতে রাসুলি ছাড়া আছেন নাজিবউল্লাহ জাদরান ও কারিম জানাত। এছাড়া ১০টির বেশি ম‍্যাচ খেলেছেন কেবল নানগেয়ালিয়া খারোটে। স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনিই। 

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগে (এসএলসি) ভালো করা ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ দিয়েছে আফগানিস্তান। প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ রান করা মোহাম্মাদ আকরাম ডাক পেয়েছেন দলে। দ্বিতীয় সেরা স্ট্রাইক রেটে রান করা খালিদ তানিওয়ালও সুযোগ পেয়েছেন। 

দুটি টেস্ট খেলা পেস বোলিং অলরাউন্ডার ইসমাত আলাম ডাক পেয়েছেন। তিনিই এসএলসি আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। ১৬৮ স্ট্রাইক রেটে তিনি করেন ২৯৪ রান। ১৬.৭৭ গড়ে নেন ৯ উইকেট। 

জাপানের আইচি-নাগোয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বসবে এশিয়ান গেমস। 

এশিয়ান গেমস ক্রিকেটের আফগানিস্তান দল: দারবিশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মাদ ইশাক (উইকেটরক্ষক), মোহাম্মাদ আকরাম, হাসান ইসাখিল, খালিদ তানিওয়াল, ইমরান মির, ফায়সাল শিনোজাদা, নাজিবউল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমাত আলাম, কারিম জানাত, নানগেয়ালিয়া খারোটে, আরাব গুল মোমান্দ, ফারিদুন দাউদজাই, আব্দুল্লাহ আহমাদজাই।