আগ্রাসী সেঞ্চুরিতে মান্ধানার রেকর্ড
মেয়েদের ওয়ানডেতে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় তারকা।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরার পরদিনই বিধ্বংসী ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। মেয়েদের ওয়ানডেতে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় তারকা।
নিউ চান্ডিগাড়ে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে একাই টানেন মান্ধানা। ৪টি ছক্কা ও ১৪টি চারে ৯১ বলে ১১৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। তিনি ছাড়া ফিফটি ছুঁতে পারেননি স্বাগতিকদের আর কেউ।
১০৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি মান্ধানার দ্বাদশ সেঞ্চুরি। সবগুলোই করেছেন তিনি ইনিংস শুরু করতে নেমে। এই সংস্করণে ওপেনারদের মধ্যে তার চেয়ে বেশি শতক নেই কারো। নিউ জিল্যান্ডের সুজি বেটস ও ইংল্যান্ডের ট্যামি বাউমন্ট ১২ বার করে পেয়েছেন তিন অঙ্কের স্বাদ।
মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড থেকে আর তিনটি দূরে মান্ধানা। সর্বোচ্চ ১৫টি শতক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেগ ল্যানিংয়ের। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেটসের শতক ১৩টি। বাউমন্টের সঙ্গে যৌথভাবে তিনে মান্ধানা।
এই চার জন ছাড়া ১০টি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। ৯টি করে সেঞ্চুরি আছে চার জনের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ইনিংসটির পথে ৭৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেন মান্ধানা। ভারতের হয়ে মেয়েদের ওয়ানডেতে যা দ্বিতীয় দ্রুততম। রেকর্ডটিও তার; গত জানুয়ারিতে রাজকোটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ৫৮ রান করেন মান্ধানা। ছন্দে থাকা ব্যাটার নতুন ম্যাচে যেন ছিলেন আরও বেশি আত্মবিশ্বাসী। দ্বিতীয় ওভারে অ্যাশলি গার্ডনারকে চমৎকার শটে লং-অন দিয়ে ছক্কায় ওড়ান তিনি। যেটি ছিল ম্যাচের প্রথম বাউন্ডারি।
কয়েক ওভার পর গার্ডনারকেই আরেকটি ছক্কায় ওড়ান মান্ধানা। পরে এলিস পেরিকে তিন বলের মধ্যে মারেন দুই চার। জর্জিয়া ওয়্যারহ্যামকে ছক্কা মেরে ৪৫ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
পঞ্চাশের পর আরও আগ্রাসী হয়ে ওঠেন মান্ধানা। ফিফটি থেকে শতরানে পৌঁছাতে তার লাগে কেবল ৩২ বল। তাহলিয়া ম্যাকগ্রাকে চার মেরে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন তিনি।
এর মাঝে এক দফায় জীবনও পান মান্ধানা। ওয়্যারহ্যামের বলে ৬২ রানে থাকা মান্ধানার কঠিন ক্যাচ নিতে পারেননি ফিল্ডার।
সেঞ্চুরির পর আরও কিছুটা এগিয়ে ম্যাকগ্রা বলে ক্যাচ দিয়ে ফেরেন মান্ধানা। ততক্ষণে দুইশর কাছে পৌঁছে গেছে ভারতের রান। এরপর বাকিদের অবদানে ২৯২ রান পর্যন্ত করতে পারে স্বাগতিকরা।
