পেসার ও লেগ স্পিনার থেকে উর্ভিলের বিধ্বংসী ব্যাটসম্যান হয়ে ওঠার গল্প
টি-টোয়েন্টিতে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান উর্ভিল প্যাটেল অনুশীলনে ২০০ ছক্কা মারেন!
ক্রিকেটে উর্ভিল প্যাটেলের পথচলা শুরু হয়েছিল পেসার হিসেবে। পরে নিজেকে বদলে ফেলতে হলো ‘চাকিংয়ের’ সমস্যার কারণে। এরপর মনোযোগ দিলেন লেগ স্পিনার হয়ে ওঠার দিকে। সেই লক্ষ্যেও অটল থাকতে পারলেন না। তার কোচ প্রাকাশ পাটানির ভাবনা যে ছিল ভিন্ন। উর্ভিলের ব্যাটের তেজ দেখে তাকে ব্যাটসম্যান হিসেবে গড়ে তুললেন তিনি। কঠোর অনুশীলনে নিজেকে ভেঙে-গড়ে উর্ভিল এখন টি-টোয়েন্টিতে যৌথভাবে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান।
গুজরাটের মেহসানা শহরে জন্ম উর্ভিলের। সেখানেই ক্রিকেটের হাতেখড়ি তার। বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন তিনি বারোদার হয়ে। লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টিতে অভিষেকও তার বারোদার জার্সিতেই। নিজের সামর্থ্যের ঝলক দেখিয়ে এখন তিনি খেলছেন গুজরাটের রাজ্য দলে। গত বছর প্রথম শ্রেণিতে পা রাখেন তাদের হয়ে।
ভারতীয় ক্রিকেটে তেমন পরিচিত ছিলেন না উর্ভিল। তবে গত নভেম্বরের পর বদলে যায় তার ক্যারিয়ার। একের পর এক দারুণ সব ইনিংস উপহার দিয়ে উঠে আসেন তিনি শিরোনামে। স্বীকৃত টি-টোয়েন্টিতে দেশটির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলে দেন আলোড়ন।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে গুজরাটের জার্সিতে ৩৫ বলে ১১৩ রানের ইনিংস খেলার পথে ২৮ বলে সেঞ্চুরি স্পর্শ করেন উর্ভিল। ভেঙে দেন ২০১৮ সালের জানুয়ারিতে এই টুর্নামেন্টেই রিশাভ পান্তের করা ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড।
কয়েকদিন পর ওই টুর্নামেন্টেই উর্ভিলের রেকর্ড স্পর্শ করেন আভিশেক শার্মা। পাঞ্জাবের হয়ে মেঘালায়ার বিপক্ষে ২৯ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ২৮ বলে সেঞ্চুরি করেন আভিশেকও।
সেখানেই থেমে যাননি উর্ভিল। রেকর্ডগড়া ইনিংসটি খেলার এক ম্যাচ পর আরেকটি শতক উপহার দেন তিনি। উত্তারাখান্ডের বিপক্ষে ৪১ বলে ১১৫ রানের ইনিংস খেলেন গুজরাটের ওপেনার।
প্রতিযোগিতাটির সবশেষ আসরে ৬ ম্যাচে ২২৯.৯২ স্ট্রাইক রেটে ৩১৫ রান করেন উর্ভিল। আসরে তার ২৯ ছক্কার চেয়ে বেশি মারতে পারেননি আর কেউ। রাজাত পাতিদার ১০ ম্যাচ খেলে হাঁকান ২৭ ছক্কা।
উর্ভিল পরে আলো ছড়ান রাঞ্জি ট্রফিতেও। ফেব্রুয়ারিতে সৌরাষ্ট্রের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ১৯৭ বলে ১৪০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি।
ব্যাট হাতে উর্ভিলের দুর্দান্ত পারফরম্যান্সের শুরু নভেম্বরে আইপিএলের মেগা নিলামে তার নাম না উঠার পর থেকে। ‘আনক্যাপড’ উইকেটরক্ষকদের তালিকায় ছিলেন ২০২৩ সালে গুজরাট টাইটান্সে থেকেও কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ডানহাতি ব্যাটসম্যান।
এমন পারফরম্যান্সের পর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে অনুমিতভাবেই পড়েন উর্ভিল। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটে ছিটকে গেলে আয়ুশ মাত্রের সঙ্গে তাকেও ক্যাম্পে ডাকে চেন্নাই সুপার কিংস। পরে ভানশ বেদির বদলি হিসেবে ২৬ বছর বয়সী ক্রিকেটারকে ভিত্তিমূল্যে মূল দলে যোগ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আইপিএলে দল পাওয়ার আগে থেকেই নিজেকে গড়ে তুলছিলেন উর্ভিল। তার চাওয়া ছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে প্রথম বলেই ছক্কা হাঁকানোর। সেই লক্ষ্য পূরণে কতটা পরিশ্রম করতেন উর্ভিল, সেটা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন তার কোচ প্রাকাশ পাটানি।
“উর্ভিল আমাকে বলেছিল, আইপিএল অভিষেকে প্রথম বলেই সে ছক্কা মারতে চায়। এই লক্ষ্য অর্জনে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত। আমাদের অনুশীলন শুরু হয়, ড্রপ বলে দুই ঘণ্টার অনুশীলন দিয়ে। এরপর সে প্রায় ২০০টির মতো ছক্কা মারে। সার্বিক স্ট্রেংথ বাড়ানোর জন্য পরে জিমে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে, ১০-১৫ রাউন্ড দৌড়ায়।”
অভিষেকে প্রথম বলে না হলেও দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা মারেন উর্ভিল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেদিন ১১ বলে ৩৩ রান করেন তিনি ২৮১.৮১ স্ট্রাইক রেটে। আইপিএল অভিষেকে যা সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। ৪টি ছক্কার সঙ্গে চার মারেন একটি।
কীভাবে পেসার থেকে লেগ স্পিনার ও পরে পুরদস্তুর ব্যাটসম্যান হয়ে ওঠেন উর্ভিল, সেটি তুলে ধরেন প্রাকাশ।
“উর্ভিল পেসার হিসেবে খেলা শুরু করে, কিন্তু জোরে বল করতে গেলে সে প্রায়ই চাকিং করত। পরে সে লেগ-স্পিন করা শুরু করে, যেখানে ভালো করছিল। তার বড় শট খেলার সামর্থ্য দেখে আমি তাকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হতে বলি। লেগ স্পিনার হিসেবে তাকে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হতো, একই সঙ্গে ব্যাট করতে হতো ৮ নম্বরে।”
উর্ভিলের চাকিং সমস্যা নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তার বাবা মুকেশও। পরে কোচের সঙ্গে ছেলেকে ব্যাটসম্যান হতে উৎসাহিত করেন তিনিও।
“উর্ভিল ভালো বল করলেও আমি দুশ্চিন্তায় থাকতাম। তার কোচ বলেছিল, ‘তাকে শক্তিশালী একজন ব্যাটসম্যান বানানো যাক’, আমি সেটায় উৎসাহ দেই।”
উর্ভিলের সাফল্যে পথে বড় অবদান ছিল তার বাবা-মায়ের। শৈশব থেকে উর্ভিলকে একজন ক্রিকেটার হিসেবে গড়ে তোলার পথে তাদের ত্যাগও কম নয়।
“আমি এবং আমার স্ত্রী শিক্ষক। আমি স্পিনার ছিলাম, কিন্তু তেমন কিছু অর্জন করতে পারিনি। আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে, আমার ছেলে কোনো একটি খেলায় সফল হবে। যখন ৪ বছর বয়স, উর্ভিল ক্রিকেট খেলা শুরু করে। আমার স্ত্রী ভোর ৪টায় উঠে খাবার প্রস্তুত করত, সব প্রয়োজন যেন পূর্ণ হয় সেটা নিশ্চিত করত। ছুটির দিন আমরা প্রায়ই অনেক অনুষ্ঠানে যেতাম না, তখন তাকে পালানপুর থেকে আহমেদাবাদে নিয়ে যেতাম যাতে সে নতুন কিছু স্কিল শিখতে পারে।”
উর্ভিলের খাদ্যাভ্যাসের সামান্য ধারণা দেন মুকেশ।
“উর্ভিলের বড় শট খেলার সামর্থ্যের পেছনে আরেকটা কারণ হলো, তার ছোলা খাওয়ার অভ্যাস, যেটা শক্তি যোগায়। ঘোড়ারা দ্রুত দৌড়ানোর জন্য এটা খায়। সে প্রতিদিন ছোলা খায়। টি-টোয়েন্টিতে উর্ভিল এখন যৌথভাবে (ভারতের) দ্রুততম সেঞ্চুরিয়ান (২৮ বলে), আমি নিশ্চিত সে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়বে।”
আইপিএলে যখন নিলামেই উঠল না উর্ভিলের নাম, খুব কষ্ট পেয়েছিলেন তার বাবা। সেই সময়ের অভিজ্ঞতার কথাও শোনান মুকেশ।
“২০২৫ আইপিএলের নিলামে যখন সে অবিক্রিত থাকল, ওই রাতে আমি ঘুমাতে পারিনি, অনেক কেঁদেছিলাম। ভাবছিলাম, কোথায় কমতি হয়েছে? দলে জায়গা না পাওয়া নিয়ে উর্ভিল কখনও নিজের খারাপ লাগা কাউকে বলত না, তবে মন খারাপ করে থাকত।”
নিলামের পর দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়ানো উর্ভিলকে পেতে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মুকেশ বললেন, চেন্নাইকে বেছে নিয়েছেন তার ছেলে।
“রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেয়েছিল উর্ভিল তাদের সঙ্গে অনুশীলন করুক, কিন্তু দলে জায়গা নিশ্চিত ছিল না। চেন্নাই সুপার কিংস সেই নিশ্চয়তা দিয়েছিল। তাই সে চেন্নাইয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।”
পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে স্থগিত হওয়ার আগে গত ৭ মে উর্ভিলের অভিষেক হয় আইপিএলে। কলকাতার ইডেন গার্ডেন্সে সেদিন উপস্থিত থাকতে পারেননি তার বাবা-মা। মুকেশ বললেন, আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া চেন্নাইয়ের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে মাঠে বসে ছেলের খেলা দেখার ইচ্ছা আছে তাদের।
“(উর্ভিল) অনেক চাপে থাকার কারণে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার অভিষেক ম্যাচটি আমরা দেখতে পারিনি। ফোন বন্ধ ছিল। ওই ম্যাচে উর্ভিলের আত্মবিশ্বাস আমাদের অবাক করেছিল। উর্ভিল যদি জোর করে তাহলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচটি দেখতে হয়তো আহমেদাবাদে যাব।”
আগামী রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে আহমেদাবাদে খেলবে চেন্নাই। তার আগে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ আছে তাদের দিল্লিতে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৮ ম্যাচে খেলে ১৭২.১৫ স্ট্রাইক রেটে উর্ভিলের রান ১ হাজার ১৯৩। দুই সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে চারটি। ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে রান করেছেন ৭৪৮। এই সংস্করণেও তার স্ট্রাইক রেট একশর উপরে, ১২০.৪৫। আর ১০টি প্রথম শ্রেণির ম্যাচে এক সেঞ্চুরি ও ২ ফিফতিতে ৪২৩ রান করেছেন তিনি।
