লর্ডস টেস্টের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার
প্রাণপণে লড়েছিলেন অ্যালেস্টার কুক, কিন্তু শেষরক্ষা করতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া বোলারদের দাপটে লর্ডস টেস্ট পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
শনিবার তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১০৮ রান। প্রথম ইনিংসে ২৫৪ রানের লিড নেওয়ায় সব মিলিয়ে ৩৬২ রানে এগিয়ে রয়েছে অতিথিরা।
প্রথম ইনিংসে ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়ে অস্ট্রেলিয়ার ভিত গড়ে দেওয়া ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্স রানের পাহাড়ে চাপা দিচ্ছেন স্বাগতিকদের। ৬০ রানে অপরাজিত রয়েছেন ওয়ার্নার। তার ৮৪ বলের ইনিংসটি সাজানো ১০টি চারে। প্রথম ইনিংসে শতক করা রজার্স ব্যাট করছেন ৪৪ রানে।
গত দুই বছরে এ নিয়ে ১৪ বার পঞ্চাশ বা তার বেশি রানে জুটি গড়লেন ওয়ার্নার-রজার্স। তৃতীয় দিন জুটি ভাঙতে ছয় বোলার ব্যবহার করেও সাফল্য পাননি ইংল্যান্ডের অধিনায়ক।
এর আগে শনিবার ৪ উইকেটে ৮৫ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। ফলো অন এড়াতেই আরও ২৮২ রান প্রয়োজন ছিল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকদের। ৩০ রানে চার উইকেট হারানোর পর প্রতিরোধ গড়া কুক ও বেন স্টোকসের দিকে তাকিয়ে ছিল দল।
কুক-স্টোকসের দৃঢ়তায় দিনের শুরুটা ভালো হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু প্রথম সেশনের একেবারে শেষ দিকে মিচেল মার্শ স্টোকসকে বোল্ড করে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি মাইকেল ক্লার্কের দলের।
৮৭ রান করা স্টোকসের বিদায়ে ভাঙে ১৪৫ রানের জুটি। এরপর জস বাটলারের দ্রুত বিদায়ে চাপে পড়ে ইংল্যান্ড। স্বাগতিকদের বিপদ আরও বাড়ান মার্শ। তার বলে বোল্ড হয়ে যান অধিনায়ক কুকও (৯৬)। এই উদ্বোধনী ব্যাটসম্যানের ২৩৩ বলের ইনিংসটি সাজানো ১৩টি চারে।
টেস্টে এ নিয়ে সাতবার নব্বইয়ের ঘরে আউট হলেন কুক। ইংল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান এতবার ‘নার্ভাস নাইনটিজে’ আউট হননি।
মইন আলি (৩৯) ও স্টুয়ার্ট ব্রড (২১) চেষ্টা করলেও প্রথম ইনিংসে ৩১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সুযোগ থাকলেও স্বাগতিকদের ফলো অন করাননি ক্লার্ক। এর আগেও তিনবার এমন সুযোগ পেয়ে প্রতিপক্ষকে ফলোঅন করাননি তিনি, সবগুলো ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়াই।
জনসন ৫৩ ও হেইজেলউড ৬৮ রানে তিনটি করে উইকেট নেন। লর্ডস টেস্ট দিয়ে দলে ফেরা মার্শ ২ উইকেট নেন ২৩ রানে।
এর আগে ৮ উইকেটে ৫৬৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
