লর্ডসে ধুঁকছে ইংল্যান্ড
প্রথম দিনে অসাধারণ ব্যাটিংয়ের পর ব্যাটে-বলে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনটিও নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। রান পাহাড় তাড়া করতে গিয়ে গুঁড়িয়ে গেছে ইংল্যান্ডের টপ অর্ডার।
১ উইকেটে ৩৩৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৬৬ রানে। জবাবে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়েছিল ৩০ রানেই। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে তারা ৮৫ রানে। ফলো অন এড়াতেই প্রয়োজন আরও ২৮২ রান।
প্রথম দিনে অপরাজিত থাকা দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের সামনেই ছিল দ্বিশতকের হাতছানি। পারেননি ক্রিস রজার্স। ১৫৮ রানে দিন শুরু করা ওপেনার ফিরে যান আর ১৫ রান যোগ করেই। তবে স্টিভেন স্মিথ ঠিকই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের স্বাদ। গত মাসেই ওয়েস্ট ইন্ডিজে আউট হয়েছিলেন ১৯৯ রানে। শুক্রবার সেই ভুলের পুনরাবৃত্তি করেননি। ১৯৮ থেকে মইন আলিকে চার মেরে ছুঁয়েছেন কাঙ্খিত মাইলফলক।
লর্ডসে এটি অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের মাত্র তৃতীয় দ্বিশতক। সবশেষটি হয়েছিল সেই ১৯৩৮ সালের অ্যাশেজে, অপরাজিত ২০৬ করছিলেন বিল ব্রাউন। লর্ডসে অস্ট্রেলিয়ার অন্য দ্বিশতক ডন ব্র্যাডম্যানের, ১৯৩০ সালের অ্যাশেজে ২৫৪। ব্র্যাডম্যানের রেকর্ড ১২টি দ্বিশতকের সেটিই ছিল প্রথম।
দ্রুত রান তোলার তাড়ায় এরপর অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছে নিয়মিতই। এর মধ্যেই অভিষেকে নিজের কিছুটা ছাপ রেখেছেন উইকেটকিপার ব্যাটসম্যান পিটার নেভিল; ৫৯ বলে করেছেন ৪৫। অ্যাডাম ভোজেস করেছেন ২৫। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ৪ উইকেট, জো রুট ২টি।
ব্যাট হাতে রান পাওয়া নেভিল এরপর দ্বিতীয় বলেই পেয়ে যান প্রথম ডিসমিসালের স্বাদ। ইংল্যান্ড ইনিংসের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অ্যাডাম লাইথ (০)। গ্যারি ব্যালান্স (২৩) ও আগের টেস্টের নায়ক রুটকে (১) ফেরান মিচেল জনসন। জস হেইজেলউডের অসাধারণ ডেলিভারিতে ইয়ান বেল (১) বোল্ড হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩০/৪।
পঞ্চম উইকেটে অধিনায়ক অ্যালিস্টার কুক (২১) ও বেন স্টোকসের (৩৮) ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় দিনে আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। তবে তৃতীয় দিনে ফলো অন এড়ানোর কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের।
