বোলারদের দাপটে ভারতের সহজ জয়
বোলারদের দাপটে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে ভারত। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫৪ রানে হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৮ রান করে ভারত। ৭ উইকেটে ১২৪ রান করতে পারে জিম্বাবুয়ে।
চামু চিবাবার (২৩) সঙ্গে হ্যামিল্টন মাসাকাদজার ৫৫ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পেয়েছিল জিম্বাবুয়ে। নবম ওভারে চিবাবা ও তার পরের ওভারে মাসাকাদজা (২৮) ফিরে গেলে বড় একটা খায় স্বাগতিকরা।
পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় আর ম্যাচে ফিরতে পারেনি তারা। চার্লস কভেন্ট্রি (১০) ও সিকান্দার রাজা (১০) দুই অঙ্কে পৌঁছালেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি।
শেষ দিকে নেভিল মাডজিভা (অপরাজিত ১৪) ও প্রসপার উতসেয়া (অপরাজিত ১৩) পরাজয়ের ব্যবধান কমান কেবল।
ভারতের সেরা বোলার অক্ষর প্যাটেল। টি-টোয়েন্টি অভিষেকে ১৭ রানে ৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
এর আগে দলকে উড়ন্ত সূচনা এনে দেন মুরালি বিজয়। ১৯ বলে ৩৪ রানে তার বিদায়ে ভাঙে ৭ ওভার স্থায়ী ৬৪ রানের জুটি। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে (৩৩)।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর ভারতকে পৌনে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব রবিন উথাপ্পার। ৩৫ বলে ৩৯ অপরাজিত ৩৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। এছাড়া মনিশ পান্ডে ১৯ ও স্টুয়ার্ট বিনি ১১ রান করেন।
সঠিক লাইন-লেন্থ পেতে যথেষ্ট ভুগতে হয় জিম্বাবুয়ের বোলারদের। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। পেসার ক্রিস পোফু ৩৩ রানে নেন ৩ উইকেট।
রোববার হারারেতেই হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
