স্টেইন, মরকেলদের সামলানোর আত্মবিশ্বাস ইমরুলের
প্রায় সাত বছর পর আবার টেস্টে ডেল স্টেইন, মর্নে মরকেলদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত ইমরুল কায়েস। প্রথম লড়াইয়ে ভালো করতে পারেননি তিনি, তবে এবার ভালো করতে উন্মুখ হয়ে আছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।
২০০৮ সালের নভেম্বরে টেস্ট অভিষেক হয় ইমরুলের। সেবার দক্ষিণ আফ্রিকা সফরে দুটি ম্যাচেই খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার চার ইনিংস ছিল এমন- ১০, ৪, ৬, ৫। এর এক ইনিংসে স্টেইনের বলে বোল্ড হয়েছিলেন তিনি।
সেই ইমরুল এখন অনেক পরিণত। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ডও গড়েছেন তামিম ইকবালের সঙ্গে। গত বছর টেস্টে ফেরার পর থেকে আছেন দারুণ ছন্দে। এই সময়ে তিনটি শতক ও দুটি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে।
“ডেল স্টেইন-মর্নে মরকেলকে এর আগেও আমি সামলেছি, দক্ষিণ আফ্রিকাতেই আমার অভিষেক হয়েছিল। সেটা ভিন্ন কন্ডিশন ছিল। আশা করি, কোনো সমস্যা হবে না।”
স্টেইন-মরকেলদের প্রথম ঝাপটা সামলাতে হবে বাংলাদেশের উদ্বোধনী জুটিকেই। ইমরুল জানান, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত তারা।
“ওপেনিং অবশ্যই চ্যালেঞ্জের বিষয়। সব দলের সেরা বোলাররাই শুরুতে বল করেন। উইকেটে যে সহায়তা থাকে, সেটা শুরুতেই থাকে। আমরা যদি উইকেটে টিকে থেকে রান করে দিয়ে যেতে পারি, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। তারা খুব সহজে ব্যাট করতে পারবে।”
স্টেইন, মরকেল, ভার্নন ফিল্যান্ডারদের পেস নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই স্বাগতিক ব্যাটসম্যানদের।
“বিশ্বের সব দেশের পেসাররা এখন ১৪০/১৪৫ কিলোমিটার বেগে বল করে। (গতির) চিন্তা যদি আমাদের মধ্যে কাজ করে, আমাদের জন্য তা নেতিবাচক হবে। যদি ইতিবাচক খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারি তাহলে আমরা ওদের ভালোভাবে সামলাতে পারব।”
