টেস্টে ধারাবাহিকতা চায় বাংলাদেশ
ওয়ানডের বাংলাদেশ অনেক শক্তিশালী, নিজেদের দিনে যে কাউকে হারানোর সামর্থ্য তাদের আছে। কিন্তু টেস্টের বাংলাদেশকে নিয়ে এ কথা বলা যাচ্ছে না। তবে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী খেলা সম্ভব হলে ওয়ানডের মতো টেস্টেও সাফল্য পাবেন তারা।
এ পর্যন্ত ৯১ টেস্ট খেলে বাংলাদেশের জয় ৭টিতে, হার ৭১ ম্যাচে; ড্র হয় ১৩ টেস্ট। অন্য দিকে, ৩০৯টি ওয়ানডে খেলা বাংলাদেশের জয় ৯৫টিতে, হার ২১০টিতে, পরিত্যক্ত হয় চারটি ম্যাচ।
পরিসংখ্যানই বলে দেয় ওয়ানডেতে কতটা উজ্জ্বল বাংলাদেশ। এই সংস্করণে দলের সাম্প্রতিক পারফরম্যান্সেই টেস্টে ভালো খেলার অনুপ্রেরণা খুঁজছেন ইমরুল কায়েস।
“বাংলাদেশ দল খুব ভালো একটা ছন্দে আছে। শেষ চারটা ওয়ানডে সিরিজে ভালোভাবে খেলেছি এবং আমরা সিরিজ জিতেছি। আমরা যদি এই ধারাবাহিকতা টেস্টেও ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই হবে।”
জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টানা চারটি ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। একই সময়ে খেলা তিন টেস্ট সিরিজের একটিতে জিতেছে তারা, হেরেছে একটিতে আর ড্র হয়েছে অন্যটি।
প্রক্রিয়া ঠিক রেখে আর পরিকল্পনা অনুযায়ী খেলে ওয়ানডেতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও এর পুনরাবৃত্তি দেখতে চান ইমরুল।
আগামী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজ স্বাগতিকদের জন্য বড় পরীক্ষাই হবে। অতিথিদের বিপক্ষে খেলা ৮ টেস্টের সাতটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
