ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক পেরেরার
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খুনে ব্যাটিংয়ে অসাধারণ এক কীর্তি গড়েছেন কুশল পেরেরা। ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক করেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
একই সঙ্গে শ্রীলঙ্কার পক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের সনাৎ জয়াসুরিয়ার রেকর্ড ছুঁয়েছেন তিনি।
বুধবার পাল্লেকেলেতে পাকিস্তানের দেওয়া ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন পেরেরা। মাত্র ১৭ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি।
১৭ বলে ৫১ রান করে অর্ধশতক পূর্ণ করার পথে ১১টি চার ও একটি ছয় মারেন পেরেরা। ১৩টি চার ও দুটি ছয়ে ২৫ বলে ৬৮ রান করে আউট হন তিনি।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। এ বছরের জানুয়ারিতে জয়াসুরিয়ার রেকর্ড ভাঙেন তিনি। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক পূর্ণ করেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।
সিঙ্গাপুরে ১৯৯৬ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন জয়াসুরিয়া।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতক:
ব্যাটসম্যান | দেশ | বল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
এবি ডি ভিলিয়ার্স | দ. আফ্রিকা | ১৬ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০১৫ |
সনাৎ জয়াসুরিয়া | শ্রীলঙ্কা | ১৭ | পাকিস্তান | সিঙ্গাপুর | ১৯৯৬ |
কুশল পেরেরা | শ্রীলঙ্কা | ১৭ | পাকিস্তান | পাল্লেকেলে | ২০১৫ |
সাইমন ও'ডনেল | অস্ট্রেলিয়া | ১৮ | শ্রীলঙ্কা | শারজাহ | ১৯৯০ |
শহীদ আফ্রিদি | পাকিস্তান | ১৮ | শ্রীলঙ্কা | নাইরোবি | ১৯৯৬ |
শহীদ আফ্রিদি | পাকিস্তান | ১৮ | নেদারল্যান্ডস | কলম্বো | ২০০২ |
গ্লেন ম্যাক্সওয়েল | অস্ট্রেলিয়া | ১৮ | ভারত | ব্যাঙ্গালোর | ২০১৩ |
শহীদ আফ্রিদি | পাকিস্তান | ১৮ | বাংলাদেশ | মিরপুর | ২০১৪ |
ব্রেন্ডন ম্যাককালাম | নিউ জিল্যান্ড | ১৮ | ইংল্যান্ড | ওয়েলিংটন | ২০১৫ |
