২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের তরুণদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশের তরুণরা। পঞ্চম ওয়ানডেতে ৩৪ রানে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 06:25 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

এই হারের পরও অবশ্য সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম পাঁচ ম্যাচ শেষে ৩-২এ এগিয়ে আছে বাংলাদেশ।
 
পিতারমারিসবার্গের সিটি ওভালে মঙ্গলবার বৃষ্টিবৃঘ্নিত পঞ্চম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৩ রান করে স্বাগতিকরা। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।  
 
বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় প্রতি ইনিংস ৩৮ ওভার করে হওয়ার সিদ্ধান্ত হয়। 
 
টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। একটা সময় ১২ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভালো শুরু করা দলটি। ১ উইকেটে ৭৩ থেকে ৪ উইকেটে ৮৫ রান হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা বেশ চাপেই পড়ে। 
 
পঞ্চম উইকেটে উইয়ান মুল্ডার ও দাইয়াম গ্যালিয়েমের ১৩ ওভারে ৯৪ রানের জুটিতে লড়াই করার মতো ইনিংস গড়ে দক্ষিণ আফ্রিকা। মুল্ডার ৫১ বলে ৯টি চারের সাহায্যে ৫৬ রান করেন। গ্যালিয়েম করেন ৪২ রান।    
 
বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ও সালেহ আহমেদ দুটি করে উইকেট নেন। 
 
লক্ষ্য খুব বড় না হলেও স্কোর বোর্ডে ১৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে কক্ষপথ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় জয়ের জোরালো সম্ভাবনাও জাগাতে পারেনি তারা।
 
অধিনায়ক মিরাজ চেষ্টা করলেও তার ৬৮ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।  
 
সিরিজের প্রথম দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ালেও চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয়ের প্রান্তে পৌঁছায় বাংলাদেশ। তবে এই ম্যাচে জিতে সিরিজে নাটকীয় লড়াইয়ের সম্ভাবনা জোরদার করল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। 
 
আগামী শুক্রবার হবে সিরিজের ষষ্ঠ ওয়ানডে।