শতকের চেয়েও সৌম্যর কাছে এগিয়ে ৮৮
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ এক শতক করেছিলেন সৌম্য সরকার। তবে সেই ইনিংসের চেয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৮ রানের ইনিংসটাকে এগিয়ে রাখছেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
গত এপ্রিলে এই শের-ই-বাংলা স্টেডিয়ামেই পাকিস্তানের ২৫০ রান তাড়ায় ১১০ বলে অপরাজিত ১২৭ রান করেছিলেন সৌম্য। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে করলেন ৭৯ বলে অপরাজিত ৮৮ রান। সৌম্যর ব্যাটেই দক্ষিণ আফ্রিকার ১৬০ রান বাংলাদেশ টপকে গেছে ১৩৪ বল হাতে রেখে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই দুই ইনিংসেই তুলনা উঠল। সৌম্য এগিয়ে রাখলেন রোববারের ইনিংসটিকেই।
“আমি বলব, এই ইনিংসটা এগিয়ে। পাকিস্তানের বিপক্ষে বড় রান তাড়া করেছি, তখন এক রকম পরিকল্পনা ছিল। আজকে (রোববার) অল্প রান টার্গেট ছিল। অল্প রান তাড়া করা অনেক সময়ই কঠিন। বিভিন্ন পরিস্থিতিতে পরিকল্পনা পরিবর্তন করতে হয়। দ্রুত উইকেট হারানোর পর পরিস্থিতিটাও সামলাতে হয়েছে। এটিকেই এগিয়ে রাখব আমি।”
রোববারের ইনিংসটা সৌম্য এগিয়ে রাখছেন দুই দলের বোলিং আক্রমণের তুলনা করেও।
“পাকিস্তানের বোলাররা প্রতি ওভারেই একটি করে বাজে বল দিচ্ছিলো। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলাররা অনেক বেশি পেশাদার। কোনো বাজে বল দেয় না। রান তৈরি করে নিতে হয়েছে।”
