জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের নাটকীয় জয়
এল্টন চিগুম্বুরার দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের দারুণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত জিততে পারেনি জিম্বাবুয়ে। হারারের ওয়ানডেতে শেষ ওভারে গড়ানো ম্যাচে নাটকীয়ভাবে ৪ রানে হেরেছে স্বাগতিকরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রান তোলে জিম্বাবুয়ে।
এই জয়ে তিন ওয়ানডের সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ম্যাচটি হবে আগামী রোববার।
জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়ে ৯৪ রানে চার উইকেট হারালেও চিগুম্বুরার ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে তারা।
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতক করা চিগুম্বুরা ১০৪ রানে অপরাজিত থাকেন। ছোট-বড় পাঁচটি জুটি গড়ে জিম্বাবুয়েকে জয়ের পথে রাখেন অধিনায়ক।
গ্রায়েম ক্রেমারের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে দলীয় সঞ্চয়ে সর্বোচ্চ ৮৬ রান যোগ করেন চিগুম্বুরা। এছাড়া তৃতীয় উইকেটে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে ৪২ এবং পঞ্চম উইকেটে সিকান্দার রাজার সঙ্গে ৪৮ রান তোলেন স্বাগতিক অধিনায়ক।
শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল মাত্র ১০ রান। চিগুম্বুরা উইকেটে থাকায় জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু ভুবনেশ্বর কুমারের শেষ ওভার থেকে মাত্র পাঁচ রান তুলতে সক্ষম হন চিগুম্বুরা।
ভারতের অক্ষর প্যাটেল ও স্টুয়ার্ট বিনি দুটি করে উইকেট নেন। এছাড়া ভুবনেশ্বর, ধবল কুলকার্নি ও হরভজন সিং একটি করে উইকেট নেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আম্বাতি রাইডুর শতক আর স্টুয়ার্ট বিনির দারুণ ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করার মতো পূঁজি পায় ভারত।
শুরুতেই অবশ্য ভারতকে বিপদে ফেলেছিলেন ডোনাল্ড টিরিপানো, চামু চিবাবারা। স্কোরবোর্ডে ৮৭ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারায় অতিথিরা। ব্রায়ান ভিটোরির বলে মুরালি বিজয় (১) ভুসি সিবান্দাকে ক্যাচ দিলে ভাঙে অতিথিদের উদ্বোধনী জুটি।
রাইডুকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে ভারতকে টেনে তোলার চেষ্টা করেন এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া অজিঙ্কা রাহানে। ৩৪ রান করে রাহানে টিরিপানোর বলে হ্যামিল্টন মাসাকাদজাকে ক্যাচ দিলে থামে এ জুটি।
এরপর মনোজ তিওয়ারিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন চিবাবা আর রবিন উথাপ্পাকে সিকান্দার রাজা রান আউট করলে ৭৭ রানে ৪ উইকেট হারায় ভারত। দলের ৮৭ রানে কেদার যাদবকে হারিয়ে বিপদে পড়ে যায় অতিথিরা।
ষষ্ঠ উইকেট জুটিতে বিনিকে সঙ্গে নিয়ে বিপদে পড়া ভারতকে টেনে তোলেন রাইডু। টিরিপানোর বলে বিনি (৭৭) আউট হওয়ার আগে এই জুটিতে ১৬০ রান ওঠে।
জিম্বাবুয়েতে এটাই ভারতের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল ২০০৫ সালে হারারেতে মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের তোলা ১৫৮ রান।
১২৪ রান করে অপরাজিত থাকেন রাইডু। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতকের ইনিংসটি তিনি সাজান ১২টি চার ও এক ছক্কায়। এই ইনিংসটির সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
