২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক মাশরাফির সেরা সিরিজ

ভারতের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় অর্জন। তবে মাশরাফি বিন মুর্তজা এই সিরিজকে এক ধাপ এগিয়ে রাখছেন। অধিনায়কের কাছে এটি তার সেরা সিরিজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 01:36 AM

Updated : 25 Apr 2022, 01:32 PM

পুরো সিরিজে নেতৃত্ব দিয়ে জিম্বাবুয়ে ও পাকিস্তানকে হারানোর কৃতিত্ব রয়েছে মাশরাফির। দুই দলকেই সিরিজের সব ম্যাচে হারায় তার দল। সেই দুই বাংলাওয়াশ নয়, মাশরাফির কাছে সেরা মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষে ২-১ ব্যবধান জেতা সিরিজ।
 
“যদি বিশ্বকাপের প্রসঙ্গটা বাদ দেন তাহলে এটাই সেরা। আইসিসি র‌্যাংঙ্কিংয়ের এক-দুই-তিন-চার এদের সঙ্গে এভাবে কখনও সিরিজ জিতিনি। সেখানে ভারত ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ে দুই নম্বর দেশ। তাদের সাথে জেতা, অবশ্যই আমি বলব সেরা।” 
 
দেশকে টানা তিনটি সিরিজ জয় উপহার দেওয়া মাশরাফি মনে করেন, বিশ্বকাপের দল নিয়ে আসায় ভারত সিরিজে বাংলাদেশের অর্জন প্রত্যাশার চেয়েও বেশি ছিল।
 
“ভারত সিরিজে আপনি সব কিছুই অর্জন করেছেন, যেটা আপনি চেয়েছেন বা স্বপ্ন দেখেছিলেন। আমরা এই সিরিজ থেকে যতটুকু অর্জন করতে পারতাম তার থেকেও বেশি অর্জন করেছি। আর যতটুকু আমরা হারিয়েছি, আমি মনে করি এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারব, ভবিষ্যতে এমন হয়ে আমরা পরিস্থিতি সামলাতে পারব।”
 
গত বছর দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশকে হারিয়েছিল ভারত। এবার অতিথিদের পূর্ণ শক্তির দলকে হারায় মাশরাফিরা। এই জয়কে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন মানছেন দেশসেরা পেসার।
 
“কেউ হয়তো চিন্তা করেনি যে, আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব। অনেকেই ভেবেছে, আমরা একটা ম্যাচও জিততে পারি কিনা। প্রথম দুটি ম্যাচে আমারা প্রাপ্য জয় পেয়েছি এবং আশা করি, এভাবে খেলতে পারব।”
 
তৃতীয় ম্যাচে ৭৭ রানে হেরে হতাশ মাশরাফি। তবে এই হারেও লাভ দেখছেন অধিনায়ক।
 
“অনেক সময় হার থেকে শেখা যায়। জয় পেলে সব সময় ভুলগুলো সামনে আসে না। এবার হারায় সবাই বুঝতে পারবে কোথায় কি ভুল করেছি। পরের সিরিজের আগে এগুলো ঠিক করে নিতে পারব।”

পুরনো খবর:

শেষ ম্যাচে থামল বাংলাদেশের জয়রথ
হলো না হ্যাটট্রিক হোয়াইটওয়াশ
২ বিশ্বরেকর্ডে নতুন উচ্চতায় মুস্তাফিজ