২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে ফের আপত্তি

মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে ফের আপত্তি তুলেছেন আম্পায়াররা। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে পাকিস্তানের এই স্পিনারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের আম্পায়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 01:34 AM

Updated : 22 Aug 2022, 12:39 PM

ইএসপিএন ক্রিকইনফো হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের আপত্তি তোলার বিষয়টি জানায়।

আম্পায়ারদের এই আপত্তির ফলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে হাফিজকে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত সব ধরনের ম্যাচে বল করতে পারবেন তিনি।

এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন নিয়ে আপত্তির মুখে পড়লেন হাফিজ। গত নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে আবু ধাবি টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম আপত্তি তোলেন আম্পায়াররা। পরীক্ষায় দেখা যায়, বল করার সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকে। ফলে বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারেননি তিনি।

পরে বোলিং অ্যাকশন পাল্টে ফের বল করার অনুমতি পান হাফিজ। কিন্তু আবারও আপত্তি ওঠায় তার বোলিং ক্যারিয়ার শঙ্কার মুখে পড়ে গেল।

আইসিসির নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে বোলিং অ্যাকশন দ্বিতীয়বার অবৈধ প্রমাণিত হলে কমপক্ষে এক বছর বল করতে পারবেন না তিনি। তারপরেই আইসিসির কাছে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আবেদন করতে পারবেন তিনি।

এবারের শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টটি ১০ উইকেটে জিতে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেছে পাকিস্তান।