২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরচুন ফেভারস দ্য ব্রেভ: মাশরাফি

বাংলাদেশের একাদশে চার পেসার দেখে চোখ কপালে উঠে গিয়েছিল অনেকেরই। চতুর্থ পেসার হিসেবে যাকে নেওয়া হয়েছিল, সেই মুস্তাফিজুর রহমানই বাংলাদেশের জয়ের নায়ক। অধিনায়ক মাশরাফি বলছেন, সাহস করে সিদ্ধান্তটি নিয়েছিলেন বলেই পাশে পেয়েছেন ভাগ্যকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 01:54 AM

Updated : 25 Apr 2022, 01:30 PM

অভিষেক ওয়ানডেতেই ৫ উইকেট নিয়ে মুস্তাফিজ গুড়িয়ে দিয়েছেন ভারতকে। প্রথম ওয়ানডেতে ৭৯ রানের জয়ে বাংলাদেশ শুধু সিরিজে এগিয়েই যায়নি, নিশ্চিত করেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাতে ওঠাও।

এই জয় যার হাত ধরে এল, সেই মুস্তাফিজকে একাদশে রাখা হয় বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে বসিয়ে রেখে। পাকিস্তান সিরিজে দারুণ বোলিং করা সানিকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত সহজ ছিল না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, সাহস করে কঠিন কাজ করেছেন বলেই ধরা দিয়েছে সাফল্য।

“সানি কিন্তু খুব ভালো বোলিং করছিল। ওকে বাদ দেওয়া কঠিন ছিল। কিন্তু আমরা মনে করেছিলাম মুস্তাফিজকে খেলানো দরকার। অনুশীলনে ওকে যেমন দেখেছি, তাতে উপেক্ষা করা কঠিন ছিল। শেষ পর্যন্ত সাহস করে আমরা ওকে নিয়েছি। ফলও পেয়েছি। আসলেই ফরচুন ফেভারস দ্য ব্রেভ।”

মাশরাফি জানালেন, মুস্তাফিজকে খেলানোর জন্যই চার পেসার নিয়ে একাদশ সাজানো।

“আমি অধিনায়ক হওয়ার পর থেকে নিয়মিত তিন পেসার খেলাচ্ছি। কারণ আমি সবসময়ই বিশ্বাস করি, ম্যাচ জেতায় বোলাররা। আমি, রুবেল আর তাসকিন তো আগে থেকেই ছিলাম। আর মুস্তাফিজ যে ধরনের বল করে, আমার কাছে মনে হয়েছে, এই উইকেটে ওকে খেলা কঠিন হবে। ওর জন্যই চার পেসার খেলিয়েছি। আমি খুবই খুশি যে মুস্তাফিজ পারফর্ম করতে পেরেছে।”