২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষে হাসপাতালে ২ ফিল্ডার

ইংলিশ কাউন্টির একটি টি-টোয়েন্টি ম্যাচে ক্যাচ নিতে গিয়ে সারের দুই ফিল্ডারের মধ্যে সংঘর্ষের পর ম্যাচটি পরিত্যক্ত হয়। আহত দুজনকেই হাসপাতালে নিতে হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 12:44 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

রোববার অ্যারানডেইলে হওয়া ম্যাচটিতে প্রচুর দর্শক ছিল। সাসেক্সের বিপক্ষে ম্যাচটিতে তাদের সামনেই ক্যাচ নিতে গিয়ে ধাক্কা লাগে অস্ট্রেলিয়ার মইসেস হেনরিক্স ও ইংল্যান্ডের ররি বার্নসের।

সারে এক বিবৃতিতে জানায়, হেনরিক্সের চোয়ালের তিন জায়গায় ভেঙে গেছে। আর বার্নস মাথায় ও মুখে চোট পেয়েছেন।

বার্নসের মুখে বেশ কয়েকটি সেলাই দিতে হয়। আর হেনরিক্সের ভাঙা চোয়ালে অস্ত্রোপচার করানোর কথা। এ ছাড়া তাকে দাঁতের অস্ত্রোপচারও করাতে হবে।

দুজনের ধাক্কাটি লাগে সাসেক্সের ইনিংসের ১৯তম ওভারে। সংঘর্ষের পর দুইজনই নিথর হয়ে পড়ে ছিলেন। মাঠে দুজনের পরিচর্যার জন্য সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। পরিচর্যায় লম্বা সময় লাগতে দেখে সমর্থকরা চিন্তায় পড়ে যায়। পরে হেনরিক্স ও বার্নসকে অ্যাম্বুলেন্সে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাঠে উপস্থিত বিবিসির ক্রিকেট প্রতিবেদক মার্ক চার্চ জানান, কোনো ক্রিকেট ম্যাচে তার দেখা সবচেয়ে বাজে দুর্ঘটনা এটি।

সারে জানায়, ঘটনার পর দুই দলের মত নিয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।