২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

জ্যামাইকা টেস্টে তিন দিনেই জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। ৩৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 10:40 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

এই টেস্টে জিতে সিরিজ বাঁচাতে এখনও ৩৭৬ রান দরকার স্বাগতিকদের, তাদের হাতে আছে ৮ উইকেট। প্রথম টেস্টে তিন দিনেই ৯ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।
 
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৯৯ রানের জবাবে ২২০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 
 
পরে ২ উইকেটে ২১২ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক ক্লার্ক। 
 
দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে সফল প্রথম ইনিংসে ১৯৯ রান করা স্টিভেন স্মিথ, ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া শন মার্শ ৬৯ এবং ডেভিড ওয়ার্নার ৬২ রান করেন।
 
অস্ট্রেলিয়ার দুই উইকেটের একটি করে নেন কেমার রোচ ও ভিরাস্যামি পারমল।   
 
তৃতীয় দিনের শেষ বেলায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ঘোষণা করাটা অনেককে অবাক করলেও তাতে নিজের বোলারদের প্রতি ক্লার্কের আস্থারই প্রমাণ মেলে। 
 
অধিনায়কের আস্থার প্রতিদান দিতেও দেরি করেনি অস্ট্রেলিয়ার বোলাররা। প্রথম ওভারেই স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান মিচেল স্ট্যার্ক। শূন্য রানে ফিরে যান ক্রেইগ ব্রেথওয়েইট ও রাজেন্দ্র চান্দ্রিকা। 
 
ড্যারেন ব্র্যাভো ৮ ও শেন ডোরিচ ১ রানে ব্যাট করছেন। 
 

প্রথম টেস্ট তিন দিনে জিতে যাওয়া অস্ট্রেলিয়া এই ম্যাচের দ্বিতীয় দিনেই চালকের আসনে উঠে বসে। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ফলোঅনের শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের দৃঢ়তায় সে লজ্জার হাত থেকে বাঁচলেও নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেনি তারা।  ফলোঅন এড়াতে অপরাজিত ৮২ রান করেন হোল্ডার। ৬৩ বলের মারমুখী ইনিংসে ১২ চার ও ২টি ছক্কা মারেন অল্প বয়সে ওয়ানডের নেতৃত্ব পাওয়া এই ক্রিকেটার।  কেমার রোচের সঙ্গে ১২.৩ ওভারে ৭৭ রানের জুটি গড়েন হোল্ডার। গুরুত্বপূর্ণ এই জুটিতে পেসার রোচের অবদান ৭ রান। এই জুটিতেই ফলোঅন এড়ায় তার দল। ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেধে ফেলতে সবচেয়ে বড় অবদান জস হেইজেলউডের। ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।