নাটকীয় জয়ে সিরিজে সমতায় ফিরল নিউ জিল্যান্ড
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হারিয়ে পাঁচ ওয়ানডের সিরিজে সমতায় ফিরেছে নিউ জিল্যান্ড। কেনিংটন ওভালে শেষ দিকে জমে ওঠা ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের দলের জয়টি ১৩ রানের।
এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরল নিউ জিল্যান্ড। আগামী রোববার সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
শুক্রবার জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডের ইনিংসের ৪৪তম ওভারের পঞ্চম বল মাঠে গড়ানোর পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩ বলে ৩৪ রান তোলার। কিন্তু তা পূরণ করতে পারেনি ওয়েন মরগানের দল। ৪৬ ওভারে ৩৭৯ রানের পরিবর্তিত লক্ষ্য পেয়ে ৯ উইকেটে ৩৬৫ রান করে ইংল্যান্ড।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে নিউ জিল্যান্ড। রস টেইলরের শতকে এবং কেন উইলিয়ামসনের দৃঢ়তায় ৫ উইকেটে ৩৯৮ রান করে সফরকারীরা।
নিউ জিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকাকালাম; ২২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ৫৪ বলে করেন ৫০ রান।
অতিথি দলের বিশাল স্কোরের মূল ভিত্তিটা গড়েন উইলিয়ামসন ও টেইলর। তৃতীয় উইকেটে ১৭.৪ ওভারে ১২১ রানের জুটি গড়েন তারা। অল্পের জন্য শতক করতে না পারা উইলিয়ামসন ৮৮ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ৯৩ রান করেন।
টেইলর অবশ্য হার মানেননি, ১১৯ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডেতে এটা তার ত্রয়োদশ শতক। ৯৬ বলের ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কা মারেন সাবেক এই অধিনায়ক।
শেষ দিকে গ্র্যান্ট এলিয়ট ১৫ বলে ৩২ এবং লুক রনকি ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ইংল্যান্ডের সফলতম বোলার বেন স্টোকস ২ উইকেট নিতে ৬৬ রান খরচ করেন।
জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ডের শুরুটা ভালো হয়েছিল। জ্যাসন রয় ও অ্যালেক্স হ্যালেস উদ্বোধনী জুটিতে ৮৫ রান তোলেন। নাথান ম্যাককালামের বলে রস টেইলরকে রয় (৩৯) ক্যাচ দিলে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি।
১৬৩ রান তুলতে প্রথমসারির চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যাওয়া ইংল্যান্ডকে টেনে তোলেন ওয়েন মরগান। পঞ্চম উইকেট জুটিতে জস বাটলারের সঙ্গে দলীয় সঞ্চয়ে ৯৬ রান যোগ করে দলকে কক্ষপথে ফেরান স্বাগতিক অধিনায়ক।
এরপর দ্রুতই তিন উইকেট হারালে ইংল্যান্ডের জয়ের আশা ফের ফিকে হয়ে যায়। বাটলারকে (৪১) লুক রনকির ক্যাচে পরিণত করেন ট্রেন্ট বোল্ট। আর ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করার মরগানকে ফেরান ম্যাকক্লেনাগান। এরপর স্যাম বিলিংসের উইকেটটিও নেন বোল্ট। ৩৬.১ ওভারে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ২৭৫/৭।
শেষ দিকে আদিল রশিদ ও লিয়াম প্লাঙ্কেট ঝড়ো ব্যাটিং করলে বেঁচে থাকে ইংল্যান্ডের জয়ের আশা। কিন্তু ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি জয়ের লক্ষ্য কঠিন হয়ে যাওয়ায় সে আশা আর পূরণ হয়নি মরগানের দলের।
নিউ জিল্যান্ডের নাথান ম্যাককলাম ৩টি এবং বোল্ট, ম্যাকক্লেনাগান ও মিচেল ২টি করে উইকেট নেন।
