দ্বিতীয় দিনে বৃষ্টির জয়
প্রথম দিনটা ছিল ভারতের। দ্বিতীয় দিন জিতল বৃষ্টি। টানা বৃষ্টির কারণে ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।
মাঠ পরিদর্শন করার পর বেলা পৌনে দুইটায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বাকি তিন দিন আধ ঘণ্টা আগে সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হবে।
বৃহস্পতিবার সকাল থেকেই ফতুল্লায় বৃষ্টি হচ্ছিল। পিচসহ মাঠের অনেকটা অংশ ছিল ঢাকা।
বুধবার প্রথম দিন বৃষ্টির কারণে এক সেশনের বেশি সময়ের খেলা নষ্ট হয়। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৩৯ রান করে ভারত। শিখর ধাওয়ান ১৫০ ও মুরালি বিজয় ৮৯ রানে অপরাজিত রয়েছেন।
দ্বিতীয় দিন মাঠে আসেনি বাংলাদেশ ও ভারত দল। কোনো দলই হোটেল থেকে বের হয়নি। মাঠ থেকে সবুজ সঙ্কেত পেলেই কেবল হোটেল ছাড়ার কথা ছিল দুই দলের।
