৮ বছর পর শ্রীলঙ্কার টেস্ট দলে মুবারক
আট বছর পর শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরেছেন জেহান মুবারক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে আরও ডাক পেয়েছেন গত ডিসেম্বরে একমাত্র টেস্ট খেলা অফস্পিনার থারিন্দু কৌশল।
ক্যারিয়ারে ১০ টেস্ট খেলা মুবারক ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ এই ঘরানার ক্রিকেটে খেলেছিলেন। আর ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে শেষ জাতীয় দলের হয়ে খেলেন এই ব্যাটসম্যান।
বুধবার ঘোষণা করা ১৬ সদস্যের এই দলে আরও আছেন টেস্ট অভিষেকের অকেক্ষায় থাকা পেসার দুশমান্থা চামিরা ও বাঁ-হাতি ব্যাটসম্যান কুশাল পেরেরা।
চোটের কারণে দলে রাখা হয়নি পেসার শামিন্দা এরাঙ্গাকে। আর চোট কাটিয়ে উঠতে পারলে দলে ঢুকবেন সুরঙ্গ লাকমাল।
আগামী বুধবার গলেত শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে এবার ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিও খেলবে শ্রীলঙ্কা।
টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কৌশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল, কিথরুয়ান ভিথানাগে, জেহান মুবারাক, কুশাল পেরেরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, থারিন্দু কৌশল, নুয়ান প্রদিপ, ধামিকা প্রসাদ, দুশমান্থা চামিরা, সুরঙ্গ লাকমাল (চোট কাটিয়ে উঠলে)।
