‘সৌভাগ্যবান’ লিটন
এমনিতে নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন লিটন দাস। মুশফিকুর রহিম আঙুলে চোট না পেলে টেস্ট অভিষেকের জন্য হয়ত অপেক্ষা করতে হতো আরও কিছুদিন। অধিনায়কের চোটই আশীর্বাদ হয়ে এসেছে। তবে এভাবে সুযোগ আসায় নয়, লিটন খুশি টেস্ট ক্রিকেট দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হতে যাওয়ায়।
আঙুলের চোটে মুশফিক শেষ পর্যন্ত ফতুল্লা টেস্টে কিপিং করতে না পারলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে অভিষেক হবে লিটনের। রোববার ফতুল্লায় অনুশীলন শেষে লিটন জানালেন ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ নিয়ে তার ভাবনা।
“ক্রিকেটের মূল খেলাটাই হচ্ছে টেস্ট ক্রিকেট। প্রতিটি ক্রিকেটারের লক্ষ্য থাকে টেস্ট খেলা। আমার শুরুটাই হতে যাচ্ছে টেস্ট দিয়ে। সত্যিই যদি হয়ে যায়, তাহলে আমি অনেক সৌভাগ্যবান। টেস্ট ক্রিকেট নিয়ে আমার চিন্তাধারা হচ্ছে, টেস্ট ক্রিকেট অনেক ধৈর্যের খেলা। নামটাই টেস্ট ক্রিকেট, এখানে পরীক্ষাই হবে।”
পাকিস্তান সিরিজের টেস্ট দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি লিটন। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান এবার জাতীয় লিগে ৭ ম্যাচে ৫ শতকে রেকর্ড ১ হাজার ২৪ রান করেছেন ৮৫.৩৩ গড়ে। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৮৬ রান।
