২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডমিনিকায় বোলারদের রাজত্ব

স্যার ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির প্রথম দিনেই উইকেট পড়েছে ১৩টি। শিবনারায়ণ চন্দরপল পরবর্তী যুগের প্রথম দিনেই বেরিয়ে এসেছে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের কঙ্কাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 09:57 AM

Updated : 12 Oct 2022, 03:45 PM

ডমিনিকার উইন্ডসর পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রানে গুটিয়ে গেছে চা বিরতির আগেই। অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৩ উইকেটে ৮৫ রানে।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের ৬ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও কেউ চল্লিশে পৌঁছায়নি। তরুণ ওপেনার শাই হোপ করেছেন ৩৬, জেসন হোল্ডার ২১।

তিন অস্ট্রেলিয়ান পেসার মিলেই মূলত গুঁড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। ৩টি করে উইকেট নিয়েছেন মিচেল জনসন ও জশ হ্যাজেলউড, আর মিচেল স্ট্যার্ক পেয়েছেন দুটি। বাকি উইকেট দুটি ভাগাভাগি করেছেন অফ স্পিনার নাথান লায়ন ও লেগ স্পিনার স্টিভেন স্মিথ। প্রথম দিনে অস্ট্রেলিয়ানদের ক্যাচিংও ছিল দুর্দান্ত।
 

ব্যাট হাতে দিনটা খুব একটা স্বস্তিতে শেষ করতে পারেনি অস্ট্রেলিয়াও। ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার (৮), টেস্টে প্রথমবার ওপেন করতে নামা শন মার্শ (১৯) এবং অধিনায়ক মাইকেল ক্লার্ক (১৮)।
 
৩৫ বছর ২৪২ দিন বয়সে অভিষিক্ত ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস অবশ্য শেষ বিকেলে দারুণ খেলেছেন। ভোজেসকে (২০*) নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন স্টিভ স্মিথ (১৭*)।