২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের জয়ের লক্ষ্যে বৃষ্টির বাধা

চতুর্থ দিনের শুরুতে ঝড়ো গতিতে রান তুলে ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নিউ জিল্যান্ড। কিন্তু দিনের প্রায় দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের সে লক্ষ্য বড় ধাক্কা খেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 11:25 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

৪৫৫ রানের লক্ষ্য তাড়া করে জিততে ইংলিশদের রেকর্ড গড়তে হবে। আর ম্যাচ বাঁচাতে প্রায় পাঁচ সেশনের বেশি ব্যাট করতে হতো তাদের। কিন্তু সোমবার মধ্যাহ্ণভোজের বিরতি শেষে মাত্র ৪ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামলে দিনের বাকি সময়ে আর কোনো বল গড়ায়নি।
 
ফলে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান করে মাঠ ছাড়ে ইংল্যান্ড। অ্যডাম লিথ ২৪ ও অ্যালেস্টার কুক ১৮ রানে ব্যাট করছেন।
 
১০ উইকেট হাতে থাকায় শেষ দিনটা পার করে ১-০ ব্যবধানে সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে তাদের। লর্ডসে প্রথম টেস্ট ১২৪ রানে জিতেছিল স্বাগতিকরা।
 
হেডিংলি টেস্টে সোমবার ৬ উইকেটে ৩৩৮ রান নিয়ে খেলতে নেমে দ্রুত রান তুলতে থাকে নিউ জিল্যান্ডের আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ও মার্ক ক্রেইগ।
 

১২০ রান করে ফিরে যান ওয়াটলিং। পঞ্চম টেস্ট শতকের ইনিংসে ১৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ওয়াটলিং ফিরলেও একপাশ আগলে রাখেন ক্রেইগ। শেষ পর্যন্ত ৭৭ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি।  এছাড়া ২৪ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪০ রান করে বড় স্কোর গড়তে অবদান রাখেন নয় নম্বর ব্যাটসম্যান টিম সাউদি। ৮ উইকেটে ৪৫৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউ জিল্যান্ড। ৯৭ রানে ৩ উইকেট নিয়ে এই ইনিংসে ইংল্যান্ডের সফলতম বোলার মার্ক উড।  টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে এ পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০২-২০০৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান করে জিতেছিল ক্যারিবীয়রা।