ভারতের বিপক্ষে মুশফিকের কিপিং অনিশ্চিত
ভারতের বিপক্ষে টেস্টে মুশফিকুর রহিমের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে আঙুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় এবার উইকেটের পেছনে নাও দাঁড়াতে পারেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ডানহাতের অনামিকায় চোট পান মুশফিক। চোট নিয়েই দ্বিতীয় টেস্টে কিপিং করেন তিনি।
বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, উইকেটরক্ষকদের আঙুলে সাধারণত কোনো না কোনো চোট থাকেই। তাই কিপিং চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে মুশফিককেই।
পাকিস্তান সিরিজে পাওয়া চোট এখনও পুরোপুরি সারেনি; তাই কিপিং অনুশীলন শুরু করেননি টেস্ট দলের অধিনায়ক মুশফিক।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, চাপ মনে হলে নেতৃত্ব বা কিপিং ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত মুশফিককেই নিতে হবে।
“মুশফিককে ঠিক করতে হবে, কোনটা রাখবে। আমি যতদূর জানি, সে উইকেট কিপিং করতে ইচ্ছুক। তার চোট পুরোপুরি সারেনি, একটু সন্দেহ আছে হয়তো এই সিরিজে সে কিপিং নাও করতে পারে।”
ভারতের বিপক্ষে ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলবে বাংলাদেশ।
মুশফিক বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেললে সেই টেস্টে অভিষেক হতে পারে লিটন দাসের। ঘরোয়া ক্রিকেটে ভালো মৌসুম কাটানো এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রতিদিন কিপিং অনুশীলনেও ঘাম ঝরাচ্ছেন।
পাকিস্তানের বিপক্ষে গত সিরিজে টেস্ট দলে থাকলেও খেলার সুযোগ পাননি লিটন।
