এবার ইংল্যান্ডে গেইল ঝড়
আইপিএল থেকে বিপিএল অথবা ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড; ক্রিস গেইল যেখানেই ব্যাট হাতে নামবেন, ঝড় তুলবেন-এটা যেন নিয়মেই পরিণত হয়ে গেছে। বিধ্বংসী এই ব্যাটসম্যানের ব্যাটের তাণ্ডব এবার দেখল ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টির দর্শকরা।
টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কাউন্টি দল সমারসেটের হয়ে ৬২ বলে অপরাজিত ১৫১ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।
রোববার কেন্টের বিপক্ষে গেইলের শতকটি টি-টোয়েন্টিতে তার পঞ্চদশ শতক। গেইলের নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের টি-টোয়েন্টি শতক ৬টি।
কেন্টের বিপক্ষে বিধ্বংসী ইনিংসটি খেলার পথে অবশ্য দুবার ‘জীবন’ পান গেইল। একবার ৪৬ রানে, আরেকবার ১৩৯ রানে।
৪৫ বলে শতক পূর্ণ করা গেইল তার ইনিংসটিতে ১০টি চার ও ১৫টি ছক্কা মারেন। ইনিংসটি খেলার পথে তিনটি ওভারে একাই ২০ রান করে তোলেন তিনি।
গেইলের ইনিংসটি ইংল্যান্ডের মাটিতে যে কোনো ধরনের টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ২০১৩ সালের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে সাউথ্যাম্পটনে ১৫৬ রান করেছিলেন তিনি।
৩৫ বছর বয়সী গেইলের অসাধারণ এই ইনিংসের পরও অবশ্য ৩ রানে হারতে হয়েছে সমারসেটকে। ৭ উইকেটে কেন্টের করা ২২৭ রানের জবাবে গেইলের দল সমারসেট করতে পারে ৭ উইকেটে ২২৪ রান।
সমারসেটের বাকি আট ব্যাটসম্যান মিলে ৫৮ বলে ৬৩ রান করেন।
গত শুক্রবার টি-টোয়েন্টি ব্ল্যাস্টে অভিষেক ম্যাচে ৫৯ বলে ৯২ রান করে এসেক্সের বিপক্ষে সমারসেটকে জয় এনে দিয়েছিলেন গেইল।
