২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে নিউ জিল্যান্ড

হেডিংলি টেস্টের তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে নিউ জিল্যান্ড। টিম সাউদির দারুণ বোলিংয়ের পর বিজে ওয়াটলিংয়ের শতকে ইংল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 12:28 AM

Updated : 25 Apr 2022, 01:26 PM

রোববারের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৮ রান। ওয়াটলিং ১০০ ও মার্ক ক্রেইগ ১৫ রানে ব্যাট করছেন। পঞ্চম শতকে পৌঁছানো ওয়াটলিংয়ের ১৩৭ বলের ইনিংসটি ১৩টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।
 
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। স্টুয়ার্ট ব্রডের তোপে ২৩ রানের মধ্যে টম ল্যাথাম ও কেন উইলিয়ামসনকে হারায় অতিথিরা। নেমেই পাল্টা আক্রমণে প্রতিরোধ গড়েন রস টেইলর। তার সঙ্গে মার্টিন গাপটিলের ৯৯ রানের জুটি গড়ে উঠে ১৪.৩ ওভারে। 
 
৪৮ বলে ৪৮ রান করা টেইলরকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভাঙেন মার্ক উড। এরপর গাপটিলকেও ফেরান তিনি। ৭২ বলে খেলা এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৭০ রানের ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়। 
 
পঞ্চম উইকেটে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ১২১ রানের চমৎকার একটি জুটি উপহার দেন ওয়াটলিং। উডের বলে ম্যাককালাম (৫৫) এলবিডব্লিউর ফাঁদে পড়লে ভাঙে ৩২ ওভার স্থায়ী জুটি।  
 
লুক রনকির সঙ্গে ওয়াটলিংয়ের ৫৩ রানের জুটির সুবাদে তিনশ’ পার হয় নিউ জিল্যান্ডের সংগ্রহ। ওয়ানডে মেজাজে ব্যাট করা রনকিকে (২৩ বলে ৩১) বিদায় করে ৭ ওভার স্থায়ী জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন।
 
ইংল্যান্ডের উড ৬৪ রানে নেন ৩ উইকেট।
 
এর আগে ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। শুরুতেই আঘাত হানেন সাউদি। দিনের দ্বিতীয় ওভারে ইয়ান বেলকে ফিরিয়ে দেন তিনি। 
 
জোড়া আঘাতে জস বাটলার ও মইন আলিকে ফিরিয়ে লিড নেওয়ার আশা জাগান সাউদি। ৮৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই অতিথিদের সেরা বোলার। 
 
২৬৭ রানে ৮ উইকেট হারানো ইংল্যান্ডকে ৩৫০ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ব্রডের (৪৬)। উডের সঙ্গে ৫১ ও অ্যান্ডারসনের সঙ্গে ৩২ রানের দুটি কার্যকর জুটি গড়েন তিনি।
 
প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডও অলআউট হয় ৩৫০ রানে।