২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই ‘বিশেষজ্ঞ’ হতে রাজি নন ইমরুল

টেস্টে নিজের জায়গা পাকা করার পথে থাকা ইমরুল কায়েস ওয়ানডেতে নিজের ছায়া হয়ে আছেন। তবে ক্যারিয়ার লম্বা করতে এখনই কোনো একটি ফরম্যাট বেছে নেওয়ার কথা ভাবছেন না এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 07:38 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের গত বিশ্বকাপে তিন ম্যাচে ৯ রান করেন ইমরুল। দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে প্রতিযোগিতায় তিন ম্যাচ খেলে করেন ২৪ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করছেন ইমরুল। টেস্ট দলে ফেরার পর ছন্দেই আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গত বছর তিন টেস্টে ৫৩.১৬ গড়ে ৩১৯ রান করেন তিনি। এ বছর দুই টেস্টে ৬২.২৫ গড়ে তার সংগ্রহ ২৪৯ রান।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শেষে ইমরুল জানান, এখনই কোনো এক ধরনের ক্রিকেটে বিশেষজ্ঞ হওয়ার কথা ভাবছেন না তিনি।

“এখন টেস্ট ম্যাচ ভালো খেলছি। ওয়ানডেতে আমার যে কমতি আছে, সেগুলো কাটিয়ে আবার ভালো করে দলে ফেরার চেষ্টা করব। প্রত্যেক খেলোয়াড়ের একটা খারাপ সময় আসে। একটা সময় ওয়ানডেতে ভালো করেছি, এখন টেস্টে ভালো করছি। আমার মনে হয়, খুব তাড়াতাড়ি ফিরে আসব।”

২৮ বছর বয়সী ইমরুল জানান, ক্যারিয়ার লম্বা করার জন্য কোনো একটা ফরম্যাট বেছে নেওয়ার সময় এখনও তার আসেনি। আপাতত যেভাবে খেলছেন সেভাবেই খেলে যেতে চান তিনি।

২১ টেস্টে ২৬.৫৯ গড়ে ১ হাজার ১১৭ রান করেন ইমরুল। তার তিন শতকের শেষটি আসে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে। সেই ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সঙ্গে ৩১২ রানের উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড উপহার দেন ইমরুল।

খুলনা টেস্টের সেই ব্যাটিংয়ে ইমরুলের ওপর প্রত্যাশা অনেকখানি বেড়েছে। তবে সেসব মাথায় না নিয়ে নিজের কাজটুকু করে যেতে চান এই উদ্বোধনী ব্যাটসম্যান।

“প্রত্যাশা থাকবে সবসময় ভালো ক্রিকেট খেলার। লক্ষ্য আমি কখনই ঠিক করি না। লক্ষ্য ঠিক করলে নিজের উপর অনেক চাপ থাকে। উইকেটে মানিয়ে নিয়ে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করব।”