গুচকে ছাড়িয়ে কুকের রেকর্ড
নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনন্য এক রেকর্ড গড়েছেন অ্যালেস্টার কুক। গ্রাহাম গুচকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।
শুক্রবার শুরু হওয়া হেডিংলি টেস্টে টস জিতে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে দ্বিতীয় দিনে। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতির পরপরই অনন্য রেকর্ডটি নিজের করে নেন কুক।
৮ হাজার ৮৬৯ রান নিয়ে হেডিংলি টেস্টে ব্যাট করতে নামেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান কুক। ৭৫ রানের নিখুঁত একটি ইনিংস খেলে আউট হন তিনি। ১২টি চারে ১৮৭ বলে খেলা এই ইনিংসের পথেই কিংবদন্তি গুচকে ছাড়িয়ে যান কুক।
টিম সাউদির একটি বলে অসাধারণ এক কভার ড্রাইভে চার মেরে ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। এর আগে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গুচ। ১১৮ টেস্টে ৮ হাজার ৯০০ রান তার।
১১৪তম টেস্টেই গুচের রেকর্ড অতিক্রম করে গেলেন কুক। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে আউট হওয়া কুকের মোট রান এখন ৮ হাজার ৯৪৪। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার ত্রয়োদশ স্থানে আছেন তিনি। ১৫ হাজার ৯২১ রান নিয়ে এই তালিকায় সবার ওপরে ভারতের সাবেক ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।
ক্যারিয়ারের এই মুহূর্তটা কুকের কাছে অনন্য।
“এটা অসাধারণ এক মুহূর্ত ছিল, ব্যক্তিগত একটা মুহূর্ত।”
