২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্স-কোহলির রেকর্ড জুটিতে ব্যাঙ্গালোরের জয়

এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলির রেকর্ড গড়া এক জুটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 08:51 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাঙ্গালোরের জয়টি ৩৯ রানের। 
 
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ব্যাঙ্গালোরের। দলের ২০ রানেই বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে হারায় তারা। তবে এরপর আর কোনো উইকেট পড়েনি তাদের।
 
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ ২১৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন ডি ভিলিয়ার্স ও কোহলি। তাদের এই জুটির কল্যাণে এক উইকেটে ২৩৫ রান তোলে ব্যাঙ্গালোর। 
 
এ দিন সবচেয়ে বিধ্বংসী ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স। ১৯টি চার ও ৪টি ছয়ে ৫৯ বলে অপরাজিত ১৩৩ রান করেন তিনি। কোহলির ৫০ বলে ৮২ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৪টি ছয়ে।
 
এ মৌসুমের আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন লেন্ডল সিমন্স। পাঁচটি চার ও তিনটি ছয়ে ৫৩ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। 
 
ব্যাঙ্গালোরের পক্ষে দুটি করে উইকেট নেন হার্সাল প্যাটেল ও যুবেন্দ্র চাহাল।