২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন শতকে এগিয়ে দক্ষিণাঞ্চল

শাহরিয়ার নাফীস, মোসাদ্দেক হোসেনের পর সোহাগ গাজীও শতকের ইনিংস উপহার দিয়েছেন। এই তিন শতকের সাহায্যে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে ১২৫ রানের লিড নিয়েছে দক্ষিণাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 07:22 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শনিবার দক্ষিণাঞ্চল ৮ উইকেটে ৫৩৮ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে।

১০৬ রান করে অপরাজিত আছেন গাজী; তার ইনিংসটিতে চারের (৬টি) চেয়ে ছক্কা (৮টি) বেশি। অপরাজিত আরেক ব্যাটসম্যান আল আমিন হোসেন এখনো রানের খাতা খুলতে পারেননি।

আগের দিনের ১২৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দক্ষিণাঞ্চল। বল হাতে মধ্যাঞ্চলের মোশাররফ ৭ উইকেট নিলেও প্রতিপক্ষের রানের চাকা আটকে রাখতে পারেননি। ৪৫ ওভার বল করে ১৭১ রান দেন তিনি।

দক্ষিণাঞ্চলের উদ্বোধনী ব্যাটসম্যান নাফীস ১৬১ রান করে মোশাররফের বলে মাজিদের হাতে ক্যাচ দেন। ১৯টি চার ও ১টি ছক্কা মারেন নাফীস।

প্রথম ইনিংসে দলের বড় সংগ্রহে অবদান রাখেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেকও; সাজঘরে ফেরার আগে ১০টি চার ও ৭টি ছক্কায় ১৫৩ রান করেন তিনি।

রোববার চতুর্থ ও শেষ দিনের খেলা মাঠে গড়াবে।