২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ব্যাটিংয়ের প্রশংসায় মুশতাক

প্রথম ইনিংসে সাকিব আল হাসানের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ঢাকা টেস্টে পাকিস্তানের জয়ের পাল্লা ভারী হলেও মুশফিকুর রহিমের দলকে হালকাভাবে না নেওয়ার কথাও জানান তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 09:06 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ তৃতীয় দিন শুরু করে আগের দিনের ১০৭/৫ স্কোর নিয়ে। আর সাকিব শুরু করেন ১৪ রানে অপরাজিত থেকে। আক্রমণাত্মক ব্যাটিং করে ৯১ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

দিন শেষের সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আসা মুশতাক সাকিবের ব্যাটিংয়ের প্রশংসা করেন। “আমরা সব চেষ্টাই করেছি কিন্তু তারা ভালো খেলেছে। সাকিব খুবই ভালো খেলেছে।”

তৃতীয় দিন শেষে সাংবাদিকদের সাকিবও জানিয়েছেন, হারার আগে হেরে যেতে চান না তারা। খুলনা টেস্ট থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাকি দুই দিন লড়াই করার লক্ষ্য তাদের।

ঢাকা টেস্টে জয়ের জন্য ৫৫০ রানের লক্ষ্য পূরণ করতে হলে মুশফিকুর রহিমের দলকে আরও ৪৮৭ রান করতে হবে। অন্য দিকে পাকিস্তানের দরকার আর ৯ উইকেট।

খুলনা টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে ফেলা বাংলাদেশকে মোটেও হালকাভাবে না নেওয়ার কথা জানান মুশতাক। এ কারণেই বাংলাদেশকে ফলোঅন না করিয়ে স্কোরবোর্ডে আরও রান তোলার কথা জানান পাকিস্তানের এই সাবেক স্পিনার।

“প্রতিপক্ষের (বাংলাদেশ) প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমি মনে করি, তারা ভালো দল।”