প্রথম ইনিংসের ব্যর্থতায় হতাশ সাকিব
সঙ্গীর অভাবে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে শতক পাওয়া হয়নি সাকিব আল হাসানের। তবে নিজের রান তিন অঙ্কে নিয়ে যেতে না পারার জন্য কোনো আক্ষেপ নেই তার। প্রথম ইনিংসে দল কম রানে অলআউট হওয়াতেই বেশি হতাশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা এই অলরাউন্ডার।
পাকিস্তানের ৮ উইকেটে করা ৫৫৭ রানের জবাব দিতে নেমে ২০৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এই সময় ৮৯ রানে অপরাজিত ছিলেন সাকিব।
শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব জানান, প্রথম ইনিংসে আরও কিছুক্ষণ ব্যাটিং করা সম্ভব হলে দলের জন্যই ভালো হত।
সাকিব জানান, তারা জানতেন, শুক্রবারের সকালটা তাদের জন্য খুব কঠিন হবে। এই জন্য প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু ওয়াহাব রিয়াজের দারুণ বোলিংয়ে নিজেদের পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারেননি।
“অল্প রানেই আমরা পাঁচ উইকেট হারিয়েছিলাম। বেশি বল করতে হয়নি, তাই ওরা সবাই সতেজ ছিল। প্রথম ঘণ্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সময়ে কোনো উইকেট না হারিয়ে বা এক উইকেট হারিয়ে প্রতিরোধ গড়তে পারলে আমাদের জন্য খুব ভালো হত।”
প্রথম ইনিংসে ৩৫৪ রানের লিড পাওয়া পাকিস্তান ফলোঅন করায়নি বাংলাদেশকে। এতে বেশ অবাক হয়েছেন সাকিব। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অতিথিরা।
ঢাকা টেস্টে জয়ের জন্য ৫৫০ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ৬৩ রান সংগ্রহ করা স্বাগতিকদের করতে হবে আরও ৪৮৭ রান। এই জন্য দুই দিন সময় পাচ্ছে তারা।
সাকিব মনে করেন, ফলোঅন না করানোয় এখন পাকিস্তানকে চাপে ফেলার সুযোগ রয়েছে তাদের। বড় কোনো জুটি গড়তে পারলেই অস্বস্তিতে পড়ে যাবে অতিথিরা। চতুর্থ দিন এই সুযোগ কাজে লাগাতে চান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
