রনির শতকের পরও অস্বস্তিতে মধ্যাঞ্চল
রনি তালুকদারের অসাধরণ এক শতকের পরও প্রথম দিন শেষে অস্বস্তিতেই আছে মধ্যাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৭ উইকেটে ২৪৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুরুটা ভালোই করে মধ্যাঞ্চল। ৩০ রান করে শামসুর রহমান আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে রনির সঙ্গে ৬৯ রান তোলেন।
এরপর ৪২ রান করা রকিবুল হাসানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান তোলেন রনি। দলের পক্ষে সর্বোচ্চ ১০৬ রান করে আউট হন তিনি। ১২৯ বলের ইনিংসটি ১৯টি চার ও একটি ছয়ে সাজান পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকা রনি।
দক্ষিণাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আব্দুর রাজ্জাক। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন।
মধ্যাঞ্চলের তানভীর হায়দার ৭ রান নিয়ে উইকেটে আছেন, তার সঙ্গী মোশাররফ হোসেনের রান ২।
