২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় সৌম্যর আউট

খুলনা টেস্টে বাংলাদেশের শুরুটা সম্ভাবনাময় হলেও শেষ পর্যন্ত প্রথম ইনিংসে সাড়ে তিনশ’ও করতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় দিনে ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে সৌম্য সরকারের আউটটি। পাকিস্তানের বোলিং কোচ মুশতাক আহমেদও মনে করেন, তরুণ এই ব্যাটসম্যানের আউট ম্যাচ ঘুরে যাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 11:46 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

সৌম্য সরকার নিজেও তার আউট হওয়ার ধরণটাকে কিছুতেই মানতে পারছেন না, সংবাদ সম্মেলনে এসেও সে হতাশা প্রকাশ করেন তিনি।
 
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের আউট হওয়া ছয় ব্যাটসম্যানের পাঁচজনই ক্যাচ আউট হন। সবগুলো ক্যাচই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মুশতাক। কিন্তু আলাদা করে উল্লেখ করেন সৌম্যর ক্যাচটির কথা।
 
“আসাদ সফিকের ওই চমৎকার ক্যাচ নেওয়াটা আপনারা দেখেছেন। ওটা গুরুত্বপূর্ণ একটা ক্যাচ ছিল। এরপর মিড উইকেটের ক্যাচটাও খুব ভালো ছিল। সবগুলো ক্যাচই খুব ভালো ছিল। কিন্তু আসাদ সফিক অসাধারণ ক্যাচটি নেয়।”
 
৪ উইকেটে ২৩৬ রান নিয়ে বুধবার ব্যাট করতে নেমে দিনের শুরুতেই সাকিব-আল-হাসান ফিরে যান। তবে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে দলের ইনিংস তিনশ’ পার করে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিলেন সৌম্য। 
 
এরপরই মোহাম্মদ হাফিজের বলে উঠিয়ে মারতে গিয়ে ভুলটা করে বসেন অভিষেক টেস্ট খেলতে নামা সৌম্য। অনেক ওপরে উঠে যাওয়া বল তালুবন্দি করতে কোনো ভুল করেননি আসাদ শফিক। ৩৩ রান করে ফেরেন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য।
 
শেষপর্যন্ত ৩৩২ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ১ উইকেটে ২২৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। 
 
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের আউটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে হতাশা চেপে রাখেননি সৌম্য। ওই সময় তার ওই শট খেলা উচিত হয়নি বলেই মনে করেন তিনি।
 
“আউট হওয়ার পর আমারও মনে হয়েছে, বাজে খেলে আউট হয়েছি। মনে হয়েছে, এই শট না খেললেও পারতাম।”